© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের জন্মদিন আজ

শেয়ার করুন:
অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৪ পিএম | ০১ আগস্ট, ২০২৬
ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৃণাল ঠাকুরের জন্মদিন আজ। ছোট পর্দা থেকে বড় পর্দা, এরপর হিন্দির গণ্ডি পেরিয়ে তেলুগু চলচ্চিত্রেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখে তিনি গড়ে তুলেছেন শক্ত অবস্থান। বিশেষ করে রোমান্টিক গল্পভিত্তিক সিনেমায় তার সাবলীল অভিনয় দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে দিয়েছে। এ কারণেই অনেক ভক্তের কাছে তিনি পরিচিত ‘রোমান্সের রানি’ হিসেবে।

অভিনয়জীবনের শুরুটা হয়েছিল টেলিভিশন ধারাবাহিক দিয়ে। ‘মুঝসে কুছ কেহতি... ইয়ে খামোশিয়াঁ’ এবং ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি। ‘কুমকুম ভাগ্য’-তে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে আইটিএ পুরস্কারও অর্জন করেন।



২০১৮ সালে ‘লাভ সোনিয়া’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় মৃণালের। এরপর ‘সুপার ৩০’ এবং ‘বাটলা হাউস’-এর মতো বাণিজ্যিকভাবে সফল সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান আরও শক্ত করেন। যদিও পরবর্তী সময়ে কয়েকটি সিনেমা প্রত্যাশিত সাফল্য পায়নি, তবুও তিনি থেমে থাকেননি।

২০২২ সালে মুক্তি পাওয়া তেলুগু রোমান্টিক নাট্যধর্মী সিনেমা ‘সীতা রামম’ মৃণালের ক্যারিয়ারে নতুন মোড় এনে দেয়। সিনেমাটির সাফল্যের পর দর্শকদের মধ্যে তার জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে যায়। এরপর ‘হাই নান্না’ সিনেমাতেও প্রশংসিত অভিনয় উপহার দিয়ে তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও নিজের গ্রহণযোগ্যতা আরও দৃঢ় করেন।

অভিনয়জীবনে মৃণাল ঠাকুর অর্জন করেছেন একাধিক সম্মানজনক পুরস্কার। তার ঝুলিতে রয়েছে ফিল্মফেয়ার সাউথ, ফিল্মফেয়ার ওটিটি, তিনটি সাইমা এবং একটি আইটিএ পুরস্কার। ধারাবাহিক সাফল্য, বৈচিত্র্যময় চরিত্র নির্বাচন এবং রোমান্টিক গল্পে অনবদ্য উপস্থিতির কারণে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই তারকা।

এসএ/টিএ

মন্তব্য করুন