ভালোবাসা নাকি প্রতারণা? ‘মুসাফির ক্যাফে’ ঘিরে দর্শকদের সমালোচনা
ছবি: সংগৃহীত
০৪:৪২ পিএম | ০২ আগস্ট, ২০২৬
নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ওয়েব সিরিজ ‘মুসাফির ক্যাফে’। সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটি নিয়ে চলছে প্রশংসা, সমালোচনা ও নানা ধরনের বিশ্লেষণ।
কারও কাছে এটি অসমাপ্ত ভালোবাসার আবেগঘন গল্প, আবার কারও মতে এটি এক সম্পর্কের প্রতি অন্যায় ও মানসিক প্রতারণার গল্প। ফলে সিরিজটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে তুমুল তর্ক-বিতর্ক। ‘মুসাফির ক্যাফে’র গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে চন্দর, সুধা ও প্রীতি। স্বপ্ন ও ক্যারিয়ারের কারণে চন্দরকে ছেড়ে চলে যায় সুধা।
সময়ের সঙ্গে চন্দরের জীবনে আসে প্রীতি। কিন্তু নতুন সম্পর্কে জড়িয়েও চন্দর অতীতের ভালোবাসার স্মৃতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারে না। এই মানসিক টানাপোড়েনই সিরিজটির মূল আকর্ষণ এবং বিতর্কের কারণ। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু দর্শক মনে করছেন, অতীতের সম্পর্ক ভুলতে না পেরে নতুন সম্পর্কে জড়ানো প্রীতির প্রতি অন্যায়।

তারা চন্দরের আচরণ মানসিক প্রতারণার শামিল বলে মনে করছেন। আবার অনেকেই দর্শকের মতে, প্রথম ভালোবাসার স্মৃতি সহজে ভুলে যাওয়া সব সময় সম্ভব হয় না। তাই চন্দরের অনুভূতিকে তারা বাস্তব জীবনের প্রতিচ্ছবি হিসেবেই দেখছেন।
শুধু চন্দরই নয়, সুধার চরিত্র নিয়েও চলছে আলোচনা। অনেকের মতে, নিজের সিদ্ধান্তে সম্পর্ক ছেড়ে যাওয়ার পর আবার ফিরে এসে পুরোনো সম্পর্কের সমাপ্তি টানতে চাওয়ায় নতুন জটিলতার সৃষ্টি হয়েছে।
তবে অন্যদের মতে, ব্যক্তিগত স্বপ্ন ও ক্যারিয়ারকে অগ্রাধিকার দেওয়া কোনো ভুল নয় এবং সুধার সিদ্ধান্তও বাস্তবসম্মত। সিরিজটি নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য রিভিউ, বিশ্লেষণ ও মতামত ছড়িয়ে পড়েছে। এমনকি একটি নির্দিষ্ট দৃশ্যের প্রতিবাদ জানিয়ে অনেক দর্শক জুতা হাতে ছবি পোস্ট করেছেন। আবার অনেকেই সেই দৃশ্যকে বাস্তব জীবনের আবেগের প্রকাশ হিসেবে ব্যাখ্যা করেছেন। ফলে একই দৃশ্য একজনের কাছে বিরক্তির কারণ হলেও অন্যজনের কাছে তা ভালোবাসার গভীর প্রকাশ।
মনোবিজ্ঞানীরা বলেন, একজন মানুষ নিজের অভিজ্ঞতা, বিশ্বাস ও স্মৃতির আলোকে কোনো গল্প বা চরিত্রকে বিচার করেন। তাই একই গল্প ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন অর্থ বহন করাটাই স্বাভাবিক। ‘মুসাফির ক্যাফে’ সেই বাস্তবতাকেই নতুন করে সামনে নিয়ে এসেছে।
বিক্রান্ত ম্যাসি, বেদিকা পিন্টো ও মাহিমা মাকওয়ানার অভিনয়ে নির্মিত সিরিজটির প্রথম মৌসুম শেষ হলেও গল্পের সব প্রশ্নের উত্তর মেলেনি। চন্দর শেষ পর্যন্ত কাকে বেছে নেবে, নাকি অতীত ও বর্তমানের টানাপোড়েনেই আটকে থাকবে—সেই উত্তর জানতে এখন দর্শকদের অপেক্ষা করতে হবে পরবর্তী সিজনের জন্য।
প্রেম, বিচ্ছেদ, স্মৃতি ও সম্পর্কের জটিলতাকে ঘিরে নির্মিত ‘মুসাফির ক্যাফে’ শুধু একটি ওয়েব সিরিজ নয়, বরং দর্শকদের নিজস্ব অভিজ্ঞতা ও অনুভূতিকে নতুন করে ভাবতে বাধ্য করা এক আলোচিত গল্পে পরিণত হয়েছে।
এসএ/টিএ