এক দিনেরও কম সময়ে শেষ জিদানের প্রথম ম্যাচের সব টিকিট
ছবি: সংগৃহীত
০৫:১৩ পিএম | ০২ আগস্ট, ২০২৬
ফ্রান্স ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি জিনেদিন জিদান। কোচ হিসেবে দেশের মাটিতে তার প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে এক দিনেরও কম সময়ে!
আগামী ২ অক্টোবর উয়েফা নেশনস লিগের ম্যাচে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক ‘স্তাদ দ্য ফ্রান্স’ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের কোনো টিকিট আর বাকি নেই বলে নিশ্চিত করেছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।

দীর্ঘ ১৪ বছর দায়িত্বে থাকার পর সরে দাঁড়ান দিদিয়ের দেশম। এরপর ফ্রান্স দলের নতুন কোচ হয়েছেন জিদান। সবাই আশা করছেন, জিদানের হাত ধরে ফ্রান্স আবারও বিশ্ব ও ইউরোপীয় ফুটবলের ট্রফি জিতবে।
আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের মাটিতে নেশনস লিগে খেলবে ফ্রান্স। এর তিন দিন পর একই প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে তার দল। ম্যাচটি হবে বেলজিয়ামে।
তবে ঘরের মাঠে জিদানকে প্রথমবার জাতীয় দলের কোচের ভূমিকায় দেখা যাবে ২ অক্টোবর প্যারিসে। এরপর ৫ অক্টোবর প্যারিসেই বেলজিয়ামের বিপক্ষে ফিরতি ম্যাচ। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি জানিয়েছে, সেই ম্যাচেরও প্রথম ক্যাটাগরির সামান্য কয়েকটি টিকিট ছাড়া সব বিক্রি হয়ে গেছে।
এমআই/এসএন