© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘গুলশানের চামেলি’তে যৌনকর্মীর দালাল ভূমিকায় এডলফ খান

শেয়ার করুন:
‘গুলশানের চামেলি’তে যৌনকর্মীর দালাল ভূমিকায় এডলফ খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৪ এএম | ০৩ আগস্ট, ২০২৬
দীর্ঘদিন কোরিওগ্রাফার হিসেবে পরিচিতি পাওয়া এডলফ খান এবার অভিনয়ে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন। নির্মাতা মো. ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবিতে তাকে দেখা যাবে একজন যৌনকর্মীর দালাল চরিত্রে।

শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সিনেমাটির মহরত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এডলফ খানের নাম ঘোষণা করা হয়। এ সময় নির্মাতা মো. ইকবাল জানান, গল্পের গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য এমন একজন শিল্পীর প্রয়োজন ছিল, যিনি উপস্থিতি ও ব্যক্তিত্ব দিয়ে আলাদা ছাপ রাখতে পারবেন। সেই বিবেচনায় এডলফ খানকে নির্বাচন করা হয়েছে।

নতুন সিনেমায় যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এডলফ খান। তিনি বলেন, কোরিওগ্রাফির পাশাপাশি অভিনয়ও তার ভালোবাসার জায়গা। ‘গুলশানের চামেলি’তে এমন একটি চরিত্র পেয়েছেন, যেখানে নিজেকে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপনের সুযোগ রয়েছে। দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।



জানা গেছে, ‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলায় শিকার হন। এই চরিত্রে অভিনয় করবেন টালিউডের অভিনেত্রী মধুমিতা সরকার।

সিনেমাটিতে এডলফ খান ও মধুমিতা সরকারের পাশাপাশি আরও অভিনয় করছেন বাংলাদেশের রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানি, আমিন খানসহ দুই বাংলার একঝাঁক তারকা। নির্মাতা আশা করছেন, ব্যতিক্রমী গল্প ও শক্তিশালী চরিত্রের কারণে সিনেমাটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে।

একেএস/টিএ

মন্তব্য করুন