ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের আকিব নবি
ছবি: সংগৃহীত
০১:৪৭ পিএম | ০৩ আগস্ট, ২০২৬
প্রথমবারের মতো ভারতের জাতীয় দলে ডাক পেলেন জম্মু-কাশ্মীরের ফাস্ট বোলার আকিব নবি। মূলত জাসপ্রিত বুমরাহ স্থলাভিষিক্ত হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সুযোগ পেয়েছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন বুমরাহ। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় তাকে বিশ্রামে রাখছে টিম ইন্ডিয়া। দলের প্রধান বোলিং অস্ত্রের জায়গায় আকিব নবিকে সুযোগ দেয়ার পেছনে বড় কারণ রঞ্জি ট্রফিতে তার অসাধারণ পারফরম্যান্স।
২৯ বছর বয়সী এ বোলার রঞ্জি ট্রফির গত দুই মৌসুমে নিয়েছেন ১০৪টি উইকেট। এর মধ্যে ২০২৫-২৬ মৌসুমেই নিয়েছেন ৬০ উইকেট। বল হাতে তার দুর্দান্ত পারফরম্যান্সের ফল স্বরূপ গত মৌসুমে প্রথমবারের মতো রঞ্জি ট্রফি জেতে জম্মু-কাশ্মীর।
ঈর্ষণীয় পারফরম্যান্সে জাতীয় দলে ডাক পাওয়ার আগে আকিব নবি সুযোগ পান সম্প্রতি শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতের‘এ’ দলে। ডান হাতি এ বোলার চার দিনের দুই ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন। এর মধ্যে প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই ৫৮ রানের বিনিময়ে নিয়েছিলেন ৪ উইকেট।
জম্মু-কাশ্মীর থেকে ভারতের টেস্ট স্কোয়াডে জায়গা করে নেয়া প্রথম ক্রিকেটার আকিব নবি। জম্মু-কাশ্মীর থেকে অফ স্পিনিং অলরাউন্ডার পারভেজ রাসুল ভারতের হয়ে খেলেছেন একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। ফাস্ট বোলার উমরান মালিক খেলেছেন ১০ ওয়ানডে, ৮ টি-টোয়েন্টি। অভিজাত সংস্করণে প্রথম খেলার হাতছানি আকিব নবির সামনে।
এদিকে গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া চোট মাঠের বাইরে রেখেছে বুমরাহকে। শুরুতে তাকে শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতের স্কোয়াডে বিবেচনায় রাখা হয়েছিল। তবে বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্স থেকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় দলে ফিরতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২৪-২৫ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পিঠে ও কোমরে চোট পেয়েছিলেন বুমরাহ। এরপর থেকেই তার ওয়ার্কলোড নিয়ে বেশ সতর্ক টিম ইন্ডিয়া। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের মধ্যে দুই টেস্টে বিশ্রামে রাখা হয়েছিল তাকে।
সাদা পোশাকের সিরিজ খেলতে শুবমান গিলের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারত। আগামী ১৫ আগস্ট গলে শুরু হবে প্রথম টেস্ট। কলম্বোতে দ্বিতীয় ম্যাচ গড়াবে ২৩ আগস্ট। সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব পড়েছে লোকেশ রাহুলের কাঁধে। অন্যদিকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ওপর নির্ভর করছে সাই সুদর্শনের দলের জায়গা পাওয়া।
ভারতের টেস্ট স্কোয়াড: শুবমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, রিশাভ পন্ত (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, গুরনুর ব্রার, দেবদত্ত পাডিক্কেল, সারাংশ জৈইন ও আকিব নবি।
এসএন