৮৩ বছরেও টানা ২৪ ঘণ্টা শুটিং করছেন অমিতাভ
ছবি: সংগৃহীত
০৯:২৭ পিএম | ০৬ আগস্ট, ২০২৬
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের বয়স এখন ৮৩। এই বয়সে যখন অনেকেই কর্মজীবন থেকে অবসর নেন, তখনও তিনি সমানতালে ব্যস্ত অভিনয়, টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন শুটিং নিয়ে। সম্প্রতি টানা ২৪ ঘণ্টা কাজ করে আবারও নিজের কর্মনিষ্ঠার অনন্য নজির গড়েছেন এই কিংবদন্তি অভিনেতা।
নিজের ব্যক্তিগত ব্লগে অমিতাভ বচ্চন জানিয়েছেন, তিনি একটানা ২৪ ঘণ্টার একটি শুটিং শেষ করেছেন। আগের দিন সকাল ৭টায় শুরু হওয়া কাজ শেষ হয়েছে পরদিন সকাল ৭টায়। দীর্ঘ এই শিফট শেষে বিশ্রাম নেওয়ার সুযোগ না থাকলেও আবারও নতুন শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
ব্লগে অমিতাভ লিখেছেন, ‘অবশেষে সময়কে হাতে বাঁধতে পারলাম। আজ সকাল ৭টায় কাজ শেষ করলাম, যে কাজটি শুরু হয়েছিল গতকাল সকাল ৭টায়। কাজটি সময়মতো এবং সঠিকভাবে শেষ করা খুবই জরুরি ছিল। তাই সেটাই করেছি। তবে সবচেয়ে ভালো লাগছে, ভক্তদের সঙ্গে প্রতিদিনের যোগাযোগটাও ধরে রাখতে পারছি।’
তিনি আরও জানান, ৬ আগস্ট থেকেই জনপ্রিয় কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন মৌসুমের শুটিং শুরু হওয়ার কথা। মজার ছলে তিনি লিখেছেন, নির্ধারিত দিনে শুটিংয়ে না পৌঁছালে হয়তো তার পরিবর্তে অন্য কাউকে সঞ্চালক বানিয়ে দেওয়া হতে পারে। তাই ক্লান্তি কিংবা বিশ্রামের কথা না ভেবেই আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন।
অনেকের মতে, অর্থ বা খ্যাতির জন্য নয়, কাজের প্রতি অগাধ ভালোবাসাই অমিতাভ বচ্চনকে আজও এতটা কর্মব্যস্ত রেখেছে। দীর্ঘ ক্যারিয়ারের এই পর্যায়েও নিজের দায়িত্ব পালনে তিনি যে কতটা আন্তরিক, তার সাম্প্রতিক অভিজ্ঞতাই তার প্রমাণ।

আগামী ১০ আগস্ট রাত ৯টায় সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও সোনি লিভে শুরু হচ্ছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম মৌসুম। সপ্তাহের সোম থেকে শুক্র প্রতিদিন সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি।
এবারের মৌসুমের মূল প্রতিপাদ্য ‘সোচনা পড়েগা’। আয়োজকদের মতে, বর্তমান সময়ে তথ্য সহজেই পাওয়া যায়। তবে সেই তথ্যকে বিশ্লেষণ করে বাস্তব জীবনে সঠিকভাবে প্রয়োগ করার সক্ষমতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই বার্তাই তুলে ধরা হবে নতুন মৌসুমে।
টেলিভিশনের পাশাপাশি বড়পর্দাতেও ব্যস্ত সময় পার করছেন অমিতাভ। খুব শিগগির তাকে পরিচালক নাগ অশ্বিনের বহুল আলোচিত ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েলে দেখা যাবে। সিনেমাটিতে আগের মতোই প্রভাস, কামাল হাসানসহ অন্যান্য তারকারাও নিজ নিজ চরিত্রে ফিরছেন।
আট দশকের জীবনে এসেও অমিতাভ বচ্চনের এই নিরলস কর্মস্পৃহা ও শৃঙ্খলা অনুরাগী থেকে শুরু করে তরুণ শিল্পীদের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
এসএ/টিএ