তুরস্কে পৌঁছে ঐতিহাসিক অভ্যর্থনা পেলেন মিশরীয় তারকা সালাহ
ছবি: সংগৃহীত
০৯:৫৪ পিএম | ০৬ আগস্ট, ২০২৬
মিশরীয় তারকা ও জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ সালাহকে বরণ করে নিতে ইস্তাম্বুল বিমানবন্দরে শত শত সমর্থকদের ঢল নেমেছিল। তুর্কি ক্লাব ট্রাবজোনস্পোরে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে বুধবার তুরস্কে পৌঁছান ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ফ্রি এজেন্ট হওয়ায় কোনো ট্রান্সফার ফি ছাড়াই তাকে দলে ভেড়াতে পারছে তুর্কি সুপার লিগের ক্লাবটি। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে ক্লাব প্রাঙ্গণে সালাহকে নিজেদের নতুন '১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে ট্রাবজোনস্পোর।

লিভারপুলের হয়ে নয় বছরের ক্যারিয়ারে ২৫৭টি গোল করেছেন সালাহ। এই সময়ে তিনি দুটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপসহ একাধিক ট্রফি জিতেছেন। চারবার ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা এবং তিনবার বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার পান তিনি। তবে বিগত মৌসুমে কোচ আর্নে স্লটের সাথে সম্পর্কের অবনতি ও একাদশ থেকে জায়গা হারানোর পর অলরেডদের সাথে চুক্তি শেষ করে নতুন গন্তব্য বেছে নেন মিশরীয় এই তারকা।
তুরস্কের ঐতিহাসিক ছয়টি লিগজয়ী দলের একটি ট্রাবজোনস্পোর। গত মৌসুমে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করায় আসন্ন মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলবে ক্লাবটি। এর আগে ড্যানিয়েল স্টারিজ ও নিকোলাস পেপের মতো তারকারা ট্রাবজোনস্পোরে খেললেও, ক্লাব ইতিহাস ও ব্র্যান্ড মূল্যের বিচারে সালাহকেই তাদের সবচেয়ে বড় সাইনিং হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: বিসিসি
এমআর/টিএ