ঘুমন্ত নারীকে ছোবল দেওয়া সাপ নিয়ে হাসপাতালে ছুটল স্বজনরা
ছবি: সংগৃহীত
০৩:৫৪ পিএম | ১০ আগস্ট, ২০২৬
ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলায় ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের ছোবলে আহত হয়েছেন চৈতী রানী (৫৫) নামে এক নারী।
আজ সোমবার (১০ আগস্ট) ভোরে উপজেলার দারাজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাঁকে দ্রুত পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় স্বজনরা সাপটিকেও সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হন।
পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় চৈতী রানীর বাঁ পায়ে সাপ ছোবল দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করেন। পরে মাছ ধরার কোচ দিয়ে সাপটিকে আটকে ফেলেন তাঁরা। এরপর চৈতী রানীকে চিকিৎসার জন্য বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় ছোবল দেওয়া সাপটিকেও সঙ্গে নিয়ে হাসপাতালে আসেন স্বজনরা। পরে চিকিৎসকেরা সাপটি বিষধর হিসেবে শনাক্ত করেন এবং চৈতী রানীকে অ্যান্টিভেনম দেন।
বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফুল কবীর বলেন, ভোরে একজন সাপে কাটা রোগী হাসপাতালে আসেন। তাঁর সঙ্গে সাপটিকেও নিয়ে আসেন স্বজনরা। সাপটি বিষধর হিসেবে শনাক্ত হওয়ায় রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ভালো আছেন।
এফআর/এসএন