আরও ১২ জেলায় ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত
১২:২৮ পিএম | ১৩ আগস্ট, ২০২৬
মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে দেশের আরও ১২টি জেলায় ‘ই-বেইল বন্ড’ উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সচিবালয় থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নতুন ১২ জেলায় ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
জেলাগুলো হলো টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও এবং জামালপুর।
এ সময় আইনমন্ত্রী বলেন, ই-বেইল বন্ড পদ্ধতির মাধ্যমে বিচারপ্রার্থীরা ভোগান্তি থেকে মুক্তি পাবেন। এক ক্লিকেই জামিনের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সরকার হয়রানিমুক্ত আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। মামলার দ্রুত নিষ্পত্তিতে ভালো পারফরম্যান্স করা জেলাগুলোকে উৎসাহিত করতে পুরস্কার দেয়া হবে।
অনেক সময় আসামিরা জামিনে মুক্তি পাওয়ার পর অপরাধের সংখ্যা বাড়ে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিচারব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। বছরের পর বছর মামলা চলতে থাকলে সরকারের বিপুল অর্থ ব্যয় হয়।
আরআই/এসএন