© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ইসরায়েলি নাগরিকদের সঙ্গেই ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ

শেয়ার করুন:
এবার ইসরায়েলি নাগরিকদের সঙ্গেই ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২০ পিএম | ১৩ আগস্ট, ২০২৬
অধিকৃত পশ্চিম তীরের কুসরা গ্রামে ফিলিস্তিনিদের বাড়িঘরের ঠিক সামনে অবৈধ স্থাপনা বা আউটপোস্ট তৈরি করা ইহুদি বসতি স্থাপনকারীদের সরিয়ে দিতে গিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বুধবার (১২ আগস্ট) এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, বসতি স্থাপনকারীদের সরিয়ে দিতে ব্যর্থ হয়ে একপর্যায়ে সেনাবাহিনী ওই এলাকা থেকে পিছু হটে। ফিলিস্তিনিদের জমি দখল ও তাদের ওপর হামলার ঘটনা ব্যাপক হারে বৃদ্ধির এই সময়ে সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের মধ্যকার এমন সংঘাতের ঘটনা বেশ বিরল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী সরকারের আমলে বসতি স্থাপনকারীরা বেপরোয়া হয়ে উঠেছে এবং দ্রুতগতিতে ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি সম্প্রসারণ করছে। অবৈধভাবে জমি দখলের এই প্রবণতা ঠেকাতে ইসরায়েলি সেনাবাহিনীর ওপর ক্রমশ চাপ বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার এক বিবৃতিতে সেনাবাহিনী কুসরায় স্থাপিত ওই ফাঁড়িটিকে 'বেআইনি, নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য' বলে আখ্যায়িত করেছে। তারা জানায়, এ ধরনের কর্মকাণ্ড ওই এলাকার বাসিন্দাদের ক্ষতি করছে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান এবং রয়টার্সের পর্যালোচনা করা ভিডিও ফুটেজে দেখা যায়, বুধবার (১২ আগস্ট) সকালে সেনাবাহিনী ওই এলাকায় বসতি স্থাপনকারীদের ছত্রভঙ্গ করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় সেনাসদস্যরা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সেনাবাহিনী ফাঁড়ির একটি তাঁবুর আচ্ছাদন সরিয়ে নেওয়ার পর এলাকা ত্যাগ করে। এরপরই ক্ষুব্ধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের একটি বাড়ির ফটক ভাঙার চেষ্টা চালায়। অবরুদ্ধ তিনটি বাড়ির একটির বাসিন্দা ফিলিস্তিনি নারী আয়েশা হাসান জানান, বসতি স্থাপনকারীরা চার দিন আগে এই ফাঁড়িটি স্থাপন করে এবং তখন থেকেই ফিলিস্তিনিরা কার্যত সেখানে আটকা পড়ে আছেন। তিনি বলেন, তারা বাড়ির ফটক ভাঙার চেষ্টা করেছে, পাথর ছুড়েছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। চরম আতঙ্কের মধ্যে তাদের দিন কাটছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে বুধবার (১২ আগস্ট) সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তরক্ষী বাহিনী তাঁবুটি উচ্ছেদ করেছে এবং সেখানে অবস্থানরত বেসামরিক নাগরিকদের (বসতি স্থাপনকারীদের) সরিয়ে নেওয়ার কাজ করছে। ঘটনাটি এখনো চলমান এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। তবে বসতি স্থাপনকারীদের সঙ্গে সংঘর্ষের বিষয়ে সেনাবাহিনী বা ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েলের দখল করা পশ্চিম তীরে বর্তমানে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি এবং ৫ লাখ ইহুদি বসতি স্থাপনকারীর বসবাস। ইসরায়েলি বসতি পর্যবেক্ষণকারী গোষ্ঠী 'পিস নাউ'-এর তথ্যমতে, পশ্চিম তীরে বর্তমানে ১৪৬টি বসতি এবং ৩৯০টি ছোট ফাঁড়ি রয়েছে।

সূত্র: রয়টার্স

আরআই/এসএন

মন্তব্য করুন