© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রায় ৮৭ কেজি গাঁজাসহ ব্রাজিলের ক্লাব সাও পাওলোর লোগোযুক্ত বাস আটক

শেয়ার করুন:
প্রায় ৮৭ কেজি গাঁজাসহ ব্রাজিলের ক্লাব সাও পাওলোর লোগোযুক্ত বাস আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫১ পিএম | ১৩ আগস্ট, ২০২৬
বলিভিয়ায় ব্রাজিলীয় ফুটবলের জায়ান্ট সাও পাওলো ক্লাবের লোগো ও রঙে সাজানো একটি বাসে অভিযান চালিয়ে ৮৬.৫ কেজি মারিজুয়ানা জব্দ করেছে পুলিশ। কোচরানবা বিভাগের ভিলা তুনারি শহরে তল্লাশির সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ডজনখানেক প্যাকেজে ভরা এই অবৈধ মাদক উদ্ধার করেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

কোপা সুদামারিকায় বলিভিয়ার ক্লাব বলিভারের বিপক্ষে সাও পাওলোর ম্যাচকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে বাসটি থামায় কর্তৃপক্ষ। তল্লাশির সময় শপিং ব্যাগের ভেতর থেকে ৬৫টি আয়তাকার প্যাকেট উদ্ধার করা হয়। পরে পরীক্ষায় সেগুলোতে মারিজুয়ানা থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ এবং স্থানীয় প্রতিবেদন অনুযায়ী মোট ওজন ছিল প্রায় ৮৬.৫ কেজি।

এদিকে ঘটনার পর দ্রুত নিজেদের দূরত্ব তৈরি করেছে সাও পাওলো ক্লাব। তারা জানিয়েছে, বাসটি তাদের স্কোয়াড ব্যবহার করছিল না। বাসটির পরিচালনা প্রতিষ্ঠান কসমস ট্রান্সপার্টও ব্রাজিলীয় ক্লাবের সঙ্গে কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। কসমসের এক বিবৃতিতে বলা হয়, সাও পাওলোর দল এই বাসটি ব্যবহার করেনি, তাদের জন্য অন্য বাস বরাদ্দ করা হয়েছিল। আমরা পরিষ্কার করতে চাই যে, এর জন্য বলিভিয়ান চালকরাই সম্পূর্ণ দায়ী।

মূলত প্রধান কোকা উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত বলিভিয়ার ভিলা তুনারি এলাকা দিয়ে যাওয়ার সময় বাসটি আটক করা হয়। আটক তিন ব্যক্তির বিরুদ্ধে বলিভিয়ার মাদকবিরোধী কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। কোপা সুদামারিকার শেষ ষোলোর প্রথম লেগ খেলতে বলিভিয়ায় গিয়েছিল সাও পাওলো। তবে এই ঘটনার সঙ্গে ক্লাব, এর কোনো খেলোয়াড় বা স্টাফদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

সূত্র: দ্য সান

এমআর/টিএ  

মন্তব্য করুন