বালুঘাটের কর্মচারীকে মারধর করা ভাইরাল সেই ইউএনওকে বদলি
ছবি: সংগৃহীত
১০:০৭ পিএম | ১৩ আগস্ট, ২০২৬
ময়মনসিংহের ত্রিশালে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান চালানোর সময় বালুঘাটের এক কর্মচারীকে মারধরের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. গোলাম মোরশেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সকাল থেকে ব্রহ্মপুত্র নদের অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। এ সময় তারা বালিপাড়া ইউনিয়নের ধলা, বালিপাড়া বালুর মোড়ের মরাখলা, কাঁঠাল ইউনিয়নের কালীর বাজার ও কানিহারী ইউনিয়নের ঝিলকি এলাকায় অভিযান চালান।
পরে ভ্রাম্যমাণ আদালতের দল কানিহারী ইউনিয়নের কুলু বাড়ি মোড় এলাকার একটি বালুঘাটে যায়। সেখানে বালুর স্তূপ ত্রিশাল অংশে থাকলেও ঘাটটি ঈশ্বরগঞ্জ উপজেলার সীমানায় পড়েছে বলে দাবি করেন সেখানে থাকা কর্মচারীরা।
বালু বহনকারী ট্রাকগুলো ত্রিশালের সড়ক ব্যবহার করলেও ঘাটটি ঈশ্বরগঞ্জের সীমানায় বলে তারা জানান। এ ঘটনায় ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি), র্যাবের সদস্য এবং আনসার সদস্যরা বালুঘাটের অফিসকক্ষে প্রবেশ করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত ইজারার বৈধ কাগজপত্র দেখতে চাইলে ইজারাদারের কর্মচারী জোবায়ের হোসেন জানান, কাগজপত্র সেখানে নেই।
ফুটেজে আরো দেখা যায়, জোবায়ের হোসেন ইউএনওকে নিজের পরিচয় দিতে বলেন।
আরাফাত সিদ্দিকী তার পরিচয় দিয়ে বলেন, ‘আমি ত্রিশালের ইউএনও। মোবাইল কোর্টে আসছি। কথাবার্তা হিসেব করে বুঝেশুনে বলেন।’ এ সময় জোবায়ের হোসেন বলেন, ‘এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন। এখানে তো আপনার মতো অনেকেই আসে।’
তখন ইউএনও রেগে গিয়ে তাকে চড়থাপ্পড় দিতে দিতে বলেন, ‘তুই আমাকে চিনিস না?’ এরপর বেত দিয়ে তাকে ৩-৪ বার আঘাত করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি থামিয়ে দেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়। এর পরদিন বৃহস্পতিবার বিকেলে বালুমহালের ইজারাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি নিয়ে বৈঠকে বসেন। সেখানে উভয় পক্ষ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইউএনও আরাফাত সিদ্দিকীকে মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ জারি করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ‘আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদায়নের কপি পেয়েছি। দ্রুত সময়ের মধ্যেই এ আদেশ বাস্তবায়ন করা হবে।’
এমআই/টিএ