© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাট্যকার তানিন রহমান আর নেই

শেয়ার করুন:
নাট্যকার তানিন রহমান আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩২ পিএম | ১৩ আগস্ট, ২০২৬
নাটকের গল্প ও চিত্রনাট্যের মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকদের কখনো হাসিয়েছেন, কখনো কাঁদিয়েছেন, আবার কখনো আবেগে আপ্লুত করেছেন নাট্যকার তানিন রহমান। এক দশকের বেশি সময় ধরে টেলিভিশন নাটকের সঙ্গে যুক্ত থেকে শোবিজ অঙ্গনে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি। তবে বৃহস্পতিবার (১৩ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুতে থেমে গেল সেই দীর্ঘ পথচলা।

তানিন রহমানের মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি তানিন রহমানের মৃত্যুসংবাদ জানিয়ে শোক প্রকাশ করেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও। তানিন রহমানের লেখা বহু গল্প ও চিত্রনাট্যে অভিনয় করেছেন এই অভিনেতা। বিকেল ৫টা ৫১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তানিন রহমানের ছবি প্রকাশ করে অপূর্ব লেখেন, ‘আমার অসংখ্য নাটকের রাইটার তানিম রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তানিম রহমানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। অসংখ্য নাটকের গল্প ও চিত্রনাট্যে তার সঙ্গে কাজ করার স্মৃতি সবসময় মনে থাকবে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, কবরের আজাব মাফ করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন (আমিন)।’

নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তানিন রহমান। সম্প্রতি মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে তার কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সফলভাবে অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছিল। পরে তাকে আইসিইউতে রাখা হয়। কিন্তু বৃহস্পতিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

এক দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তানিন রহমান টেলিভিশনের জন্য অসংখ্য নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন। তার লেখায় দেশের অনেক পরিচিত অভিনয়শিল্পী কাজ করেছেন। দর্শকমহলে পরিচিত তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে—‘নিয়তি’, ‘মেঘের গল্প’, ‘আবারও’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘লাল রঙা স্বপ্ন’, ‘শত ডানার প্রজাপতি’, ‘সেই ছেলেটা’, ‘তোমায় ভালোবেসে’, ‘প্রেম তুমি’, ‘ইন আ রিলেশনশিপ’, ‘এতটা ভালোবাসি’, ‘ভালোবাসার ফানুশ’, ‘নো’ ও ‘উৎসর্গ’।

তানিন রহমানের মৃত্যুতে দেশের নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার লেখা গল্প ও চিত্রনাট্যের মাধ্যমে দর্শকদের সঙ্গে তৈরি হওয়া দীর্ঘ সম্পর্কই তার সৃষ্টিশীলতার অন্যতম স্মারক হয়ে থাকবে।

এসএ/টিএ

মন্তব্য করুন