© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা, স্ত্রীর ১০ দিনের কারাদণ্ড

শেয়ার করুন:
স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা, স্ত্রীর ১০ দিনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৯ এএম | ১৪ আগস্ট, ২০২৬
স্বামীর বিরুদ্ধে যৌতুকের মিথ্যা মামলা করার অভিযোগে মানিকগঞ্জে লাভলী আক্তার নামে এক নারীকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্বামী মো. আরিফুল ইসলাম রতনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আদালতের বিচারক দোলন বিশ্বাস বাদী ও আসামির উপস্থিতিতে এ রায় দেন।

রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিকেলে এক হাজার টাকার বন্ডে লাভলী আক্তারের জামিন মঞ্জুর করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জানুয়ারি মো. আরিফুল ইসলামের সঙ্গে লাভলী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের দাম্পত্য জীবনে বিরোধ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ১৫ মার্চ স্বামীর বিরুদ্ধে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি এবং মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে সিংগাইর থানায় মামলা করেন লাভলী আক্তার।

মামলায় বাদীসহ মোট তিনজন সাক্ষ্য দেন। পরে আসামিপক্ষের আইনজীবীর জেরার সময় আদালতে প্রমাণিত হয়, মামলার আরজিতে যে সময়ের ঘটনা উল্লেখ করা হয়েছে, তখন মো. আরিফুল ইসলাম রতন বিদেশে ছিলেন। ফলে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন কহিনুর বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত মো. আরিফুল ইসলাম রতনকে খালাস দেন। পরে মিথ্যা মামলা করার বিষয়টি প্রমাণিত হলে যৌতুক নিরোধ আইনের ৬ ধারায় বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত বাদী লাভলী আক্তারকে ১০ দিনের কারাদণ্ড দেন।

বাদীপক্ষের আইনজীবী সমাপ্তি আক্তার বলেন, ১০ দিনের সাজা হওয়ায় তার মক্কেলের পক্ষে আদালতে জামিনের আবেদন করা হয়। আপিল দায়েরের পর বিকেলে এক হাজার টাকার বন্ডে লাভলী আক্তারের জামিন মঞ্জুর করেন আদালত।

মানিকগঞ্জ কারাগারের জেল সুপার মো. হুমায়ূন কবির খান বলেন, বৃহস্পতিবার আদালত থেকে লাভলী আক্তার নামে কোনো আসামিকে কারাগারে পাঠানো হয়নি।

কেএন/এসএন

মন্তব্য করুন