© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুর্ঘটনার পরই জোড়া সাফল্যের সুখবর পেলেন খায়রুল বাসার

শেয়ার করুন:
দুর্ঘটনার পরই জোড়া সাফল্যের সুখবর পেলেন খায়রুল বাসার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১০ পিএম | ১৫ আগস্ট, ২০২৬
কয়েকদিন আগে থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন সময়ের আলোচিত অভিনেতা খায়রুল বাসার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে বিশ্রামে আছেন তিনি। এরই মধ্যে এই অভিনেতার জন্য এসেছে একাধিক সুখবর।

এর মধ্যে প্রথম সুখবর, খায়রুল বাসার অভিনীত একক নাটক ‘পথহারা মন’ অল্প সময়েই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নাটকটি এরই মধ্যে ১২ মিলিয়ন বা এক কোটি ২০ লাখ ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।

অন্যদিকে চূড়ান্ত হয়েছে বাসারের নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’র মুক্তির তারিখও। নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানিয়েছেন, আগামী ৭ অক্টোবর থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হবে।



নাটকটিতে আদিল চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। চরিত্রটি নিয়ে আশাবাদী এই অভিনেতা। তার মতে, পারিবারিক ঘরানার গল্পের এই নাটকে দর্শক একদিকে যেমন পরিচিত জীবনের নানা ছায়া খুঁজে পাবেন, অন্যদিকে সম্পর্কের টানাপোড়েন ও নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া গল্পও দর্শকের মনে দাগ কাটবে।

এদিকে সম্প্রতি আরটিভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান অভিনীত নতুন একক নাটক ‘সরল জটিলতা’। আসাদুজ্জামান সোহাগের গল্পে নাটকটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব।

এর আগে এই জুটিকে ‘গোল্ডফিশ’, ‘কাছের কেউ’, ‘গন্তব্যের খোঁজে’, ‘জ্বীন ও পরীর সংসার’, ‘তুমি আমার’, ‘গল্পটা থেকে যায়’, ‘আগলে রেখো আমায়’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘বই পোকা’, ‘এই শহরে’, ‘ছায়াসঙ্গী’, ‘ঈরার পদ্ম’, ‘জলকৌড়ি’, ‘ভটভটি’ ও ‘ঈরার পদ্ম-২’ নাটকে দেখা গেছে। দর্শকের কাছে জনপ্রিয় এই জুটির নতুন নাটক ‘সরল জটিলতা’ও এরই মধ্যে দর্শকের মনোযোগ কাড়তে শুরু করেছে।

এসএ/টিএ


মন্তব্য করুন