মির্জাপুরে আবার ফিরছে আলোচিত সেই মুন্না ভাইয়া
ছবি: সংগৃহীত
০৫:৫২ পিএম | ১৫ আগস্ট, ২০২৬
জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ এবার বড় পর্দায় আসছে। আর সিনেমাটিতে আবারও দেখা যাবে দর্শকদের প্রিয় চরিত্র মুন্না ভাইয়াকে।
চরিত্রটিতে ফিরেছেন অভিনেতা দিব্যেন্দু। আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মির্জাপুর : দ্য মুভি’র। মুন্না ভাইয়া ‘মির্জাপুর’ সিরিজের অন্যতম জনপ্রিয় চরিত্র। তাই সিনেমায় তার ফিরে আসা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সম্প্রতি চরিত্রটিতে ফেরার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন দিব্যেন্দু। অভিনেতার কাছে মুন্না ভাইয়া হয়ে ফিরে আসাটা শুধু অভিনয়ের আরেকটি কাজ নয়। তার মতে, এই চরিত্রে ফিরে আসা অনেকটা জীবনের পুরনো একটি অধ্যায়ে ফিরে যাওয়ার মতো। একই সঙ্গে তিনি আনন্দিত এবং কিছুটা নার্ভাসও।
দিব্যেন্দু জানিয়েছেন, দর্শকরা মুন্না ভাইয়াকে আবার কিভাবে গ্রহণ করবেন, সেটি নিয়ে তার মধ্যে কৌতূহল রয়েছে। পাশাপাশি এত জনপ্রিয় একটি চরিত্রে আবার অভিনয় করে তিনি সেটির প্রতি যথাযথ সুবিচার করতে পেরেছেন কি না, সেটিও ভাবছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়াকে দিব্যেন্দু বলেন, ‘এই সিনেমার মাধ্যমে ফিরে আসাটা অনেকটা জীবনের পূর্ণচক্রের মতো। আমি একই সঙ্গে উত্তেজিত ও নার্ভাস। মানুষ মুন্নাকে আবার কিভাবে দেখবে এবং আমি চরিত্রটির প্রতি সুবিচার করতে পেরেছি কি না, তা নিয়ে ভাবছি।

অনেক আবেগ কাজ করছে। তবে সব কিছুর ঊর্ধ্বে, আমি মনে করি, এটা শুধু ভক্তদের জন্য।’ দিব্যেন্দু আরো জানান, তিনি নিজের চরিত্রগুলোকে দর্শকদের কাছে আরো বাস্তব ও মানবিক করে তুলতে পছন্দ করেন। একই ধরনের চরিত্রে আটকে না থেকে নতুন কিছু করার চেষ্টা করেন তিনি। অভিনয়ে ঝুঁকি নিতে এবং বিভিন্ন ধরনের চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে তার ভালো লাগে। এসব ক্ষেত্রে দর্শকদের কাছ থেকেও তিনি ভালো সমর্থন পেয়েছেন বলে জানান।
ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী চরিত্র পাওয়ার জন্য নিজেকে ভাগ্যবান মনে করেন দিব্যেন্দু। একই সঙ্গে চ্যালেঞ্জিং চরিত্রে কাজের সুযোগ দেওয়ার জন্য লেখক ও নির্মাতাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
‘মির্জাপুর : দ্য মুভি’ পরিচালনা করেছেন গুরমিত সিং। সিনেমাটিতে দিব্যেন্দুর পাশাপাশি রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, শ্বেতা ত্রিপাঠী, রসিকা দুগাল, জিতেন্দ্র কুমার, রবি কিষাণ, হর্ষিতা গৌর, শ্রিয়া পিলগাঁওকর, শিবা চাড্ডা ও রাজেশ তৈলাংসহ আরো অনেকে। সিনেমাটি ‘মির্জাপুর’ সিরিজের গল্পকে বড় পর্দায় নিয়ে আসছে।
এরই মধ্যে সিনেমাটির ট্রেলার ও টিজারে মুন্না ভাইয়ার উপস্থিতি দেখা গেছে। ফলে দীর্ঘ অপেক্ষার পর চরিত্রটি আবার পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন ‘মির্জাপুর’-এর ভক্তরা।
এমআই/টিএ