© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৬৬ বছর নখ না কেটে গিনেস রেকর্ড গড়লেন ভারতের শ্রীধর

শেয়ার করুন:
৬৬ বছর নখ না কেটে গিনেস রেকর্ড গড়লেন ভারতের শ্রীধর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৯ পিএম | ১৬ আগস্ট, ২০২৬
এক হাতের দীর্ঘতম নখ রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইতিহাসে নাম লিখিয়েছেন ভারতের মহারাষ্ট্রের পুনের বাসিন্দা শ্রীধর চিল্লাল। তাঁর বাঁ হাতের পাঁচটি নখের সম্মিলিত দৈর্ঘ্য ছিল ৯০৯ দশমিক ৬ সেন্টিমিটার বা ২৯ ফুট ১০ ইঞ্চি প্রায় একটি তিনতলা ভবনের সমান।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, শ্রীধরের পাঁচটি নখ আলাদাভাবে পরিমাপ করা হয়েছিল। সবচেয়ে লম্বা ছিল বুড়ো আঙুলের নখ, যার দৈর্ঘ্য ছিল ১৯৭ দশমিক ৮ সেন্টিমিটার। এ ছাড়া মধ্যমার নখ ১৮৬ দশমিক ৬, অনামিকার ১৮১ দশমিক ৬, কনিষ্ঠার ১৭৯ দশমিক ১ এবং তর্জনীর নখ ১৬৪ দশমিক ৫ সেন্টিমিটার লম্বা ছিল।

শ্রীধরের নখ বড় করার গল্পের শুরু ১৯৫২ সালে। তখন তাঁর বয়স ১৬ বছর। স্কুলে তাঁর এক বন্ধুর অসাবধানতায় এক শিক্ষকের লম্বা নখ ভেঙে যায়। এতে ক্ষুব্ধ শিক্ষক তাঁদের বলেন, নখ বড় না করলে সেগুলো রক্ষায় কতটা যত্ন নিতে হয়, তা তাঁরা কখনো বুঝতে পারবেন না।

শিক্ষকের সেই কথাকে চ্যালেঞ্জ হিসেবে নেন শ্রীধর। এরপর থেকেই তিনি বাঁ হাতের নখ কাটা বন্ধ করে দেন। কয়েক দশক ধরে নখ বড় করার মাধ্যমে একসময় অনন্য এই বিশ্বরেকর্ড গড়েন তিনি।

তবে রেকর্ড গড়ার পথটি মোটেও সহজ ছিল না। অস্বাভাবিক দীর্ঘ নখের কারণে দৈনন্দিন কাজকর্মে তাঁকে নানা শারীরিক ও ব্যবহারিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। ঘুমানোর সময়ও প্রতি আধা ঘণ্টা পরপর উঠে হাতের অবস্থান পরিবর্তন করতে হতো, যাতে নখগুলো ক্ষতিগ্রস্ত না হয়।

পেশায় আলোকচিত্রী শ্রীধরের জন্য ক্যামেরা পরিচালনাও ছিল কঠিন। সমস্যা কাটাতে তিনি বিশেষ ধরনের একটি হাতল তৈরি করেছিলেন, যার সাহায্যে দীর্ঘ নখ নিয়েও ক্যামেরা ব্যবহার করতে পারতেন।

দীর্ঘ ৬৬ বছর পর ২০১৮ সালে শ্রীধর তাঁর নখগুলো কেটে ফেলেন। সংরক্ষণের জন্য সেগুলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রিপলি'স বিলিভ ইট অর নট জাদুঘরে রাখা হয়। নখ কেটে ফেললেও এক হাতে সর্বকালের দীর্ঘতম নখের বিশ্বরেকর্ড এখনো তাঁর নামেই রয়েছে।

এমআই/টিএ

মন্তব্য করুন