সম্ভবত এটাই ফুটবলে আমার শেষ বছর: রোনালদো
ছবি: সংগৃহীত
১০:৪৪ পিএম | ১৬ আগস্ট, ২০২৬
চলতি মৌসুম শেষেই ফুটবলকে বিদায় জানাতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর অবসরের সম্ভাবনার কথা জানিয়েছেন পর্তুগিজ এই মহাতারকা। একইসঙ্গে, ফুটবল ছাড়ার পর জীবনের বাকি সময়টা আরও আনন্দ, ভ্রমণ ও পরিবারের সঙ্গে কাটানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
৪১ বছর বয়সী রোনালদো, বর্তমানে, ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক থেকে মাত্র ২৪ গোল দূরে রয়েছেন। ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবসর প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্ভবত এটাই ফুটবলে আমার শেষ বছর। আমি একটি অসাধারণ লিগেসি রেখে যেতে চাই।’
রোনালদো জানান, ফুটবল ছাড়ার পর কী করবেন, তার ভবিষ্যৎ পরিকল্পনা ইতোমধ্যে অনেকটাই ঠিক করে রেখেছেন। তবে একটিমাত্র পরিকল্পনার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না তিনি।

পর্তুগিজ তারকার ভাষায়, ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হবে। তাই সেই সময়টাকে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে পূরণ করতে চান তিনি।
রোনালদো বলেন, ‘আরও আনন্দ করতে চাই, বেশি ভ্রমণ করতে চাই, প্যাডেল দেখতে ও খেলতে চাই। আমি যা অর্জন করেছি, যা আমরা অর্জন করেছি, সেটাও উপভোগ করতে চাই। কারণ শেষ পর্যন্ত এটি ২৫ বছরের ত্যাগ ও কঠোর পরিশ্রমের ফল।’
পর্তুগালের লিসবনের ক্লাব স্পোর্টিং সিপি দিয়ে ২৪ বছর আগে পেশাদার ক্যারিয়ার শুরু করেন রোনালদো। এরপর ছয় বছর ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়ে ২০০৯ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে।
স্প্যানিশ জায়ান্টদের হয়ে নয় মৌসুমে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করেন তিনি। এরপর তিন মৌসুম খেলেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। এরপর আবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেও, শেষ পর্যন্ত, ২০২৩ সালের জানুয়ারিতে, সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন সিআর-৭।
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর সঙ্গে আল নাসরের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে তার সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চলতি মৌসুমের পর ফুটবল থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে।
এমআই/টিএ