© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ে নিয়ে গুজবে ক্ষুব্ধ পূজা চেরী, বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

শেয়ার করুন:
বিয়ে নিয়ে গুজবে ক্ষুব্ধ পূজা চেরী, বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০২ এএম | ১৮ আগস্ট, ২০২৬

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে নানা ধরনের গুঞ্জন ও খবর প্রকাশিত হচ্ছে। এসব সংবাদকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে এবার সরব হয়েছেন এই অভিনেত্রী।

সোমবার (১৭ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বিয়ে নিয়ে চলমান গুঞ্জন ও তাকে জড়িয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন পূজা চেরী। একই সঙ্গে যাচাই ছাড়া এমন সংবাদ প্রকাশের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের আহ্বান জানান তিনি।  

নিচে তার ফেসবুক পোস্টটি বাংলাদেশ টাইমসের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

সবাইকে শুভেচ্ছা। 

আমি দেখতে পাচ্ছি, গত কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আমার বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। কখনো অমুক পেশার কারো সাথে, কখনো অন্য কারো সাথে নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউজ তৈরি করা হচ্ছে—যা অত্যন্ত বিব্রতকর এবং দুঃখজনক।


আমি আগেই একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছিলাম—আমি এনগেজড এবং পারিবারিকভাবেই আমার বিয়ে ঠিক করা হয়েছে। আমি এটাও নিশ্চিত করেছিলাম যে, যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সাথে সবাইকে জানাব। লুকানোর কিছু নেই। বর্তমানে আমি নিজেকে কিছুটা সময় দিচ্ছি, নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি এবং সেই কারণেই ক্যামেরার সামনে অনুপস্থিত।

কিন্তু কোনো তথ্য যাচাই না করে বারবার আমাকে জড়িয়ে এভাবে অসত্য সংবাদ প্রকাশ করার পেছনে উদ্দেশ্য কী, তা আমার বোধগম্য নয়।বারবার বলতে চাই—আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।

সবাইকে স্মরণে করিয়ে দিতে চাই, অনুমতি ছাড়া কারো ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং কোনো নাগরিককে নিয়ে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ।

বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের আইনি সুরক্ষা এবং তার ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও সুনাম রক্ষার পূর্ণ অধিকার রয়েছে।

সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারা অনুযায়ী ইন্টারনেটে বা ডিজিটাল মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি সম্পর্কে মিথ্যা, অপমানজনক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা একটি শাস্তিযোগ্য অপরাধ।

আমি সবসময় আপনাদের ভালোবাসা ও গণমাধ্যমের সহযোগিতাকে সম্মান জানিয়ে এসেছি। কিন্তু আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হব। আশা করি, সাংবাদিক ভাই-বোনেরা ও গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করবেন এবং অসত্য নিউজ প্রকাশ করা থেকে বিরত থাকবেন।

ভালোবাসা ও শুভকামনা সবার জন্য।

এমআর/টিএ  



মন্তব্য করুন