মোদির বিতর্কিত মন্তব্যের পরই আত্মপ্রকাশ করল ‘দিমাগি নকশাল জনতা পার্টি’
ছবি: সংগৃহীত
০১:১৮ পিএম | ১৮ আগস্ট, ২০২৬
একদিনে দুই লাখের বেশি অনুসারী! ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের পরই নেটমাধ্যমে ঝড় তুলেছে ‘দিমাগি নকশাল জনতা পার্টি’। তবে এই নতুন প্ল্যাটফর্ম কি ককরোচ জনতা পার্টির (সিজেপি) উত্তরসূরি হয়ে উঠবে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দেয়ার সময় মাওবাদ-মনোভাবাপন্নদের ‘দিমাগি নকশাল’ বলে উল্লেখ করেন মোদি। তার সেই বক্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সমাজমাধ্যমে আবির্ভাব ঘটে ‘দিমাগি নকশাল জনতা পার্টি’র।
স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী সশস্ত্র মাওবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনীর আত্মত্যাগের কথা স্মরণ করেন। পাশাপাশি তিনি বলেন, অস্ত্রধারী মাওবাদীদের দমন করা গেলেও জনজীবন ও বিভিন্ন প্রতিষ্ঠানে ঘাপটি মেরে থাকা ‘নকশাল মানসিকতার’ ব্যক্তিরা এখনও দেশকে বিপথে চালিত করার সুযোগ খুঁজছেন।
এরপরই সমাজমাধ্যমে আত্মপ্রকাশ করে রাজনৈতিক ব্যঙ্গকে হাতিয়ার করা এই নতুন প্ল্যাটফর্ম।
আত্মপ্রকাশের পরই নজর কাড়ে ‘দিমাগি নকশাল জনতা পার্টি’র ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। নিজেদের অস্তিত্ব ঘোষণা করতেই দ্রুত বাড়তে থাকে অনুসারীর সংখ্যা। একপর্যায়ে তা পৌঁছে যায় দুই লাখ ১৩ হাজারে।
ইনস্টাগ্রামে শাসকদল এবং বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করতে দেখা যায় অ্যাকাউন্টটিকে। এসব পোস্ট ঘিরেই নেটমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে।
দলের ইনস্টাগ্রাম ও এক্স অ্যাকাউন্টের পোস্ট অনুযায়ী, ‘দিমাগি নকশাল’রা ভগৎ সিংহের আদর্শ অনুসরণ করেন।
তবে বিপুল সাড়া পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটি আর সক্রিয় পাওয়া যায়নি। সোমবার সকালে অ্যাকাউন্টটি খোঁজা বা খোলার চেষ্টা করলে দেখানো হচ্ছিল—লিঙ্কটি হয়তো অকার্যকর অথবা পেজটি সরিয়ে দেয়া হয়েছে।
এসএন