স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে জিই হেলথকেয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ: চিকিৎসা প্রযুক্তি ও ডায়াগনস্টিক সেবা সম্প্রসারণে গুরুত্ব
ছবি: সংগৃহীত
০৭:১৩ পিএম | ১৮ আগস্ট, ২০২৬
দেশের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং সরকারি হাসপাতালে ডায়াগনস্টিক সুবিধা জোরদারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে আন্তর্জাতিক স্বাস্থ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘জিই হেলথকেয়ার’ (GE Healthcare)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জিই হেলথকেয়ারের পক্ষে যোগ দেন উইপ্রো জিই হেলথকেয়ারের চিফ অপারেটিং অফিসার (সিওও) ভি এস রাঘবেন্দ্র রাও, জিই হেলথকেয়ার বাংলাদেশের কান্ট্রি হেড মুহাম্মদ আসাদুজ্জামান এবং ডিরেক্টর ও বিজনেস ম্যানেজার মো. আবদুল কাদের।
মতবিনিময়কালে দেশের হাসপাতালগুলোতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের মাধ্যমে আধুনিক ডায়াগনস্টিক যন্ত্রপাতি স্থাপন ও স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে রোগীদের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ না বাড়িয়ে কীভাবে টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়, সে বিষয়ে বিভিন্ন আর্থিক মডেল তুলে ধরা হয়।
বৈঠকে দেশে বিদ্যমান পুরোনো মেডিকেল ইকুইপমেন্টের নিয়মিত রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় যন্ত্রাংশ সহজলভ্য করার প্রক্রিয়া এবং ভবিষ্যতে স্বাস্থ্য সরঞ্জাম স্থানীয়ভাবে সংযোজন ও উৎপাদনের সম্ভাব্যতা নিয়ে কথা বলেন উভয় পক্ষ।
একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের টেকনিশিয়ান ও শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা বাড়াতে জিই হেলথকেয়ারের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় যৌথ প্রশিক্ষণ চালুর আহ্বান জানানো হয়।
টিএ/