কলকাতার একটি হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত
০৯:২২ এএম | ১৯ আগস্ট, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ অন্তত ৯ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) ভোররাত আনুমানিক ২টার দিকে কলকাতার নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে এই ঘটনা ঘটে।
স্থানীয় দমকল বাহিনীর বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, নিহত ৯ জনই চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়ে ওই হোটেলে অবস্থান করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর চারটি ইউনিট এবং দুর্যোগ ব্যবস্থাপনা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ভবনের ভেতরে অতিরিক্ত ধোঁয়া জমে যাওয়ায় উদ্ধারকর্মীদের সিঁড়ি দিয়ে উপরের তলায় পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। পরে দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কলকাতা পুলিশের এক কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের পর ভবনের ভেতরে অনেকেই আটকা পড়েছিলেন। ৯ জনের মরদেহ উদ্ধারের পর আগুন পুরোপুরি নিভিয়ে বর্তমানে ডাম্পিং ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
উল্লেখ্য, এর মাত্র দুদিন আগে গত ১৭ আগস্ট পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠের একটি হোটেলেও অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজনসহ মোট আটজনের প্রাণহানি ঘটেছিল।
কেএন/এসএন