জরুরি ভিত্তিতে ১৪ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত
০৮:৪৭ পিএম | ১৯ আগস্ট, ২০২৬
রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে উন্মুক্ত দরপত্র ছাড়াই ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে এসব এলএনজি কেনা হবে। প্রতিটি প্রতিষ্ঠানের কাছ থেকে দুই কার্গো করে এলএনজি কেনা হবে।
বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, দেশের গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৪ কার্গো এলএনজি কেনা হবে। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনসহ শিল্প ও অন্যান্য খাতে গ্যাসের সরবরাহ অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, সরকারি ক্রয় আইন ও বিধিমালা অনুসরণ করেই এসব এলএনজি কেনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ১০৭, ৯৭ ও ৯৮ বিধি অনুসরণ করা হবে।
প্রস্তাবটি পর্যালোচনা করে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে। অনুমোদনের পর সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে সাতটি প্রতিষ্ঠানের সঙ্গে এলএনজি কেনার চুক্তি সম্পন্ন করা হবে।
দেশের প্রাকৃতিক গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি পূরণে দীর্ঘদিন ধরেই আমদানিনির্ভর এলএনজির ওপর নির্ভর করছে সরকার। জরুরি ভিত্তিতে নতুন কার্গো আমদানির মাধ্যমে বিদ্যুৎ, শিল্প ও অন্যান্য খাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার।
এসএন