© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ভারতে খেলতে আসবেন বিশ্বকাপে চমক দেখানো ভোজিনহা!

শেয়ার করুন:
এবার ভারতে খেলতে আসবেন বিশ্বকাপে চমক দেখানো ভোজিনহা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২২ পিএম | ১৯ আগস্ট, ২০২৬
আগামী ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। এই ম্যাচ অনুষ্ঠিত না হতেই বিশ্বকাপের চমক জাগানো দল কেপ ভার্দেকে ভারতে আনার চেষ্টা করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

সবকিছু ঠিক থাকলে ব্রাজিলের পর ভারতের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে কেপ ভার্দেকে—আর সেই দলের গোলপোস্টে থাকবেন এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত গোলকিপার ভোজিনহা।

ফেডারেশনের সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি দৈনিক জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে কেপ ভার্দের বিপক্ষে ভারতের একটি ম্যাচ আয়োজনের সম্ভাবনা আছে। 

সূত্রটি জানিয়েছে, কথাবার্তা চলছে। এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তবে ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে কেপ ভার্দের বিরুদ্ধে ভারতের ম্যাচ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।



কেপ ভার্দে এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে খেলতে নেমেছিল। অভিষেক বিশ্বকাপেই নকআউটে উঠে নজর কাড়ে আফ্রিকার দলটি। শুরুতেই তাদের সামনে ছিল তারকায় ঠাসা স্পেন। 

সেই ম্যাচে স্পেনকে আটকে দিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছিল তারা। শেষ পর্যন্ত অবশ্য সেই স্পেনই জিতেছে বিশ্বকাপের শিরোপা। গ্রুপ পর্বে উরুগুয়ের সঙ্গেও ড্র করেছিল কেপ ভার্দে। তবে বিশ্বকাপে তাদের সবচেয়ে আলোচিত ম্যাচটি ছিল আর্জেন্টিনার বিপক্ষে। 

শেষ ৩২-এর সেই লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল তারা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গোল হজম করে বিদায় নিতে হয় কেপ ভার্দেকে। তবে ফলাফলের বাইরেও দলটির সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠেছেন গোলকিপার ভোজিনহা। 

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬৪ নম্বরে থাকা কেপ ভার্দের গোলপোস্টে দাঁড়িয়ে একের পর এক দুর্দান্ত সেভ করে বিশ্বকাপের অন্যতম আলোচিত মুখ হয়ে উঠেছেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষেও বেশ কয়েকটি নিশ্চিত গোল ঠেকিয়েছেন। স্পেনের বিপক্ষে তো তার পারফরম্যান্স ছিল ম্যাচের অন্যতম আলোচনার বিষয়।

এমআই/এসএন

মন্তব্য করুন