© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে : ইসরাফিল খসরু

শেয়ার করুন:
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে : ইসরাফিল খসরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৩ এএম | ২০ আগস্ট, ২০২৬
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখা গেলে দেশের খেলাধুলায় গুণগত পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু।

বুধবার (১৯ আগস্ট) রাতে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রাম আয়োজিত বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসরাফিল খসরু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াঙ্গনে গুণগত পরিবর্তন চান। এজন্য প্রকৃত ক্রীড়া সংগঠক ও প্রতিভাবান খেলোয়াড়দের সামনে নিয়ে আসতে হবে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত থাকা প্রয়োজন।

তিনি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি তৈরি করে। তাই ক্রীড়াঙ্গনের পরিবেশ আরও সুন্দর ও উৎসবমুখর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। টিসিজেএর এ আয়োজন প্রশংসনীয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. সালাহউদ্দিন ও দৈনিক পূর্বদেশের ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজক কমিটির সভাপতি সনজীব দে বাবু। এ সময় টিসিজেএর সাবেক সভাপতি সফিক আহমেদ সাজিব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক মো. পারভেজুর রহমান, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় টিসিজেএর সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন ইনডোর খেলার আয়োজন করা হয়েছে। আয়োজনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। খেলাধুলার পাশাপাশি সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যাশা জানিয়েছেন আয়োজকরা।

এফআর/এসএন

মন্তব্য করুন