© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫ হাজার টাকা দিয়ে সিনেমা বানিয়ে বক্স অফিসে আয় ২৬ কোটি!

শেয়ার করুন:
৫ হাজার টাকা দিয়ে সিনেমা বানিয়ে বক্স অফিসে আয় ২৬ কোটি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৮ পিএম | ২০ আগস্ট, ২০২৬
প্রচারণা নেই, ট্রেলারও প্রকাশ করা হয়নি। এমনকি মুক্তির আগে পরিবেশকও ছবিটি প্রেক্ষাগৃহে না চালানোর পরামর্শ দিয়েছিলেন। প্রথম ১০ দিনে টিকিট বিক্রি হয়েছিল ৩০০টিরও কম। অথচ সেই ছবিই এখন চীনের বক্স অফিসে রীতিমতো চমক দেখাচ্ছে।

অ্যানিমেশন চলচ্চিত্রটির নাম ‘নিউ লাই’। মাত্র ৪৭ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৭০০ টাকা ব্যয়ে নির্মিত এই সিনেমা ইতোমধ্যে চীনের বক্স অফিসে ১৪ দশমিক ৯ মিলিয়ন ইউয়ান আয় করেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৬ কোটি ৮৯ লাখ টাকা।

ছবিটি নির্মাণ করেছেন শিন ইউমেং ও তাঁর ছেলে সান লিফাং। দীর্ঘ পাঁচ বছর ধরে মা-ছেলে মিলে ছবিটির চিত্রনাট্য, পরিচালনা, ভয়েস ওভার ও প্রযোজনার কাজ করেছেন। গত ৫ আগস্ট চীনের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘নিউ লাই’।



মুক্তির পর প্রথম ১০ দিনে ছবিটির আয় ছিল মাত্র ৭ হাজার ৭০০ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা। ছবিটির দুর্বল অ্যানিমেশন, গল্প ও স্পেশাল ইফেক্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রল শুরু হয়।

কিন্তু সেই সমালোচনাই শেষ পর্যন্ত হয়ে ওঠে ছবিটির সবচেয়ে বড় প্রচারণা। নেটিজেনদের মিম, ট্রল ও কৌতূহলের কারণে ধীরে ধীরে সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়তে থাকে। একপর্যায়ে চীনা দর্শকদের কাছে এটি বছরের অন্যতম আলোচিত সিনেমায় পরিণত হয়।

৮৬ মিনিটের এই অ্যানিমেশন ছবির গল্প একটি গরু ও একটি স্কাইলার্ক পাখির সম্পর্ককে ঘিরে। বড় বাজেট, তারকা কিংবা চোখধাঁধানো ভিজ্যুয়াল ছাড়াই ‘নিউ লাই’ দেখিয়ে দিয়েছে, কখনো কখনো সমালোচনাও হয়ে উঠতে পারে সাফল্যের সিঁড়ি।

এসএন 

মন্তব্য করুন