© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথমবারের মতো পর্দায় মহাত্মা গান্ধীর চরিত্রে মনোজ বাজপেয়ী

শেয়ার করুন:
প্রথমবারের মতো পর্দায় মহাত্মা গান্ধীর চরিত্রে মনোজ বাজপেয়ী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৬ পিএম | ২০ আগস্ট, ২০২৬
বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ী এবার প্রথমবারের মতো পর্দায় মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। পরিচালক সুধীর মিশ্রের নতুন সিনেমায় দেখা যাবে তাকে।

সিনেমাটির নাম এখনও ঠিক করা হয়নি। সিনেমাটির গল্প ভারতের স্বাধীনতার সময়কার একটি তুলনামূলক কম পরিচিত অধ্যায় নিয়ে। বিশেষ করে মহাত্মা গান্ধীর জীবনের ২১টি গুরুত্বপূর্ণ দিনকে কেন্দ্র করে গল্প সাজানো হয়েছে। সেই সময় ভারত স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছিল, আর দিল্লি ধীরে ধীরে দেশের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র হয়ে উঠছিল।

কিন্তু এমন সময় গান্ধী একটি অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেন। তিনি দিল্লি থেকে সরে যাওয়ার পথ বেছে নেন। সুধীর মিশ্রের মতে, গান্ধীর এই সিদ্ধান্তকে পিছিয়ে যাওয়া হিসেবে দেখা উচিত নয়। বরং তিনি ওই সময় নিজেকে নতুনভাবে দেখেছিলেন এবং নিজের কাজের পথও নতুন করে ঠিক করেছিলেন।

সিনেমায় শুধু স্বাধীনতার সময়ের পরিচিত ঘটনাগুলো দেখানো হবে না। বরং ওই ঘটনাগুলোর পেছনে গান্ধীর ব্যক্তিগত চিন্তা ও সিদ্ধান্ত কী ছিল, সেটাই বেশি গুরুত্ব পাবে।

সুধীর মিশ্রের মতে, ইতিহাসের বইয়ে ওই সময়ের বড় ঘটনাগুলো পাওয়া যায়। কিন্তু সেই ঘটনাগুলোর আড়ালে গান্ধী কী ভাবছিলেন, কেন তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন এবং একজন নেতা হিসেবে তার মধ্যে কী পরিবর্তন আসছিল- সিনেমায় সেসব বিষয় তুলে ধরা হবে।

মনোজ বাজপেয়ীর জন্যও এটি একটি বিশেষ সিনেমা। কারণ এর আগে তিনি কখনও পর্দায় মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করেননি। তার সঙ্গে সিনেমায় থাকছেন সৌরভ শুক্লা। তবে তার চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত জানানো হয়নি।

এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন পরিচালক সুধীর মিশ্র। সিনেমাটি প্রযোজনা করছেন অনুভব সিনহা। অনুভব সিনহা ‘মুল্ক, আর্টিকেল এবং থাপ্পার’-এর মতো সিনেমার জন্য পরিচিত।

সিনেমাটির শুটিং কবে শুরু হবে, মুক্তির তারিখ কী এবং বাকি অভিনয়শিল্পীরা কারা থাকবেন, এসব এখনও জানানো হয়নি। তবে মনোজ বাজপেয়ী প্রথমবার গান্ধীর চরিত্রে অভিনয় করছেন- এটাই এখন সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ।

এসএ/টিএ


মন্তব্য করুন