© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোয়াখালীর আবাসিক হোটেলে অভিযানে নারী-পুরুষসহ ১২ জন গ্রেপ্তার

শেয়ার করুন:
নোয়াখালীর আবাসিক হোটেলে অভিযানে নারী-পুরুষসহ ১২ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৪ এএম | ২১ আগস্ট, ২০২৬
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়। এর আগে চৌমুহনী পৌর এলাকার রিলাক্স আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন-আবু নাছের শরীফ (৬৩), মো. ইমন হোসেন (৩২), মো. হানিফ (৩৫), সাফায়েত হোসেন সাকিব (২৭), রিনা বেগম (৩৪), স্নেহা আক্তার (২১), মাইশা আক্তার (১৮), ইসরাত জাহান পূর্ণিমা (১৮), ফাতেমা আক্তার নুসরাত (১৮), জান্নাতুল ফেরদৌস মারিয়া (১৮), মরিয়ম আক্তার (৩০) ও মিম আক্তার (২৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন নোয়াখালীর বিভিন্ন এলাকার বাসিন্দা এবং অন্যরা চট্টগ্রাম, বরিশাল, সুনামগঞ্জ, ঢাকা ও নওগাঁ জেলার বাসিন্দা। অভিযান শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসির সার্বিক তত্ত্বাবধানে হোটেলটিতে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন জেলা ও উপজেলার বাসিন্দা ১২ জন নারী-পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, নোয়াখালী জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে ডিবি পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। সমাজে অপরাধ ও অনৈতিক কার্যকলাপ রোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এমআই/টিএ





মন্তব্য করুন