রাহুলের সঙ্গে প্রেম ছিল মৌমিতার, ৫ মাস পর 'গোপন' ভিডিও ফাঁস অভিনেত্রীর
ছবি: সংগৃহীত
০৩:১০ এএম | ২১ আগস্ট, ২০২৬
জনপ্রিয় অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কয়েক মাস পর তার সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি করলেন মডেল-অভিনেত্রী মৌমিতা পণ্ডিত। তিনি দাবি করেন, মৃত্যুর আগে রাহুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং দুজনেই তাদের সম্পর্ককে প্রকাশ্যে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
চলতি বছরের দোলের একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এনেছেন মৌমিতা। সেখানে দেখা যায়, রাহুল তার গালে আবির মাখাচ্ছেন। মৌমিতার দাবি, দোলের দিন শুটিং শেষ করে রাতে বাইক চালিয়ে তার কাছে এসেছিলেন রাহুল। দুজনে একসঙ্গে আবির খেলেন এবং পরে বাইকে করে শহরে ঘুরে চাও খেয়েছিলেন। মৌমিতা জানিয়েছেন, তার স্বামী অরিদীপ্তর মৃত্যুর পর তিনি রং খেলা বন্ধ করে দিয়েছিলেন। তবে চলতি বছর রাহুল নিজের হাতে তাকে আবির মাখান। তার দাবি, এই সম্পর্ককে ভবিষ্যতে প্রকাশ্যে আনার পরিকল্পনাও ছিল তাদের দুজনের। মৌমিতা জানান, রাহুলের শেষ শুটিংয়ের দিন জলে নামার আগেও তাদের ফোনে কথা হয়েছিল। তার আগের রাতেও দীর্ঘ সময় ভিডিও কলে কথা হয়।
রাহুলের সঙ্গে মৌমিতার পরিচয় ও ঘনিষ্ঠতা কীভাবে তৈরি হয়েছিল, সেই বিষয়েও কথা বলেছেন তিনি। মৌমিতার প্রয়াত স্বামী অরিদীপ্ত এবং রাহুল ছিলেন দীর্ঘদিনের বন্ধু। অরিদীপ্তর মৃত্যুর পর রাহুলের সঙ্গে তার যোগাযোগ বাড়ে। পরে উত্তরবঙ্গে একটি সিনেমার শুটিংয়ের সময় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা ও পারস্পরিক নির্ভরতা তৈরি হয় বলে দাবি মৌমিতার।

অন্যদিকে, মৌমিতা দাবি করেন, রাহুল ও প্রিয়াঙ্কার মধ্যে সুন্দর বন্ধুত্বের সম্পর্ক ছিল। এবং প্রিয়াঙ্কা রাহুলের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। এদিকে, রাহুল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছিল। প্রায় এক বছর আগে দুজন তাদের বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করেছিলেন। ছেলে সহজের কথা মাথায় রেখে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করবেন বলেও জানিয়েছিলেন তারা। রাহুলের মৃত্যুর পর প্রিয়াঙ্কাকে ছেলেকে ও শাশুড়িকে সামলাতে দেখা যায়। তার শেষযাত্রা নিয়েও সামাজিক মাধ্যমে নানা আলোচনা ও ট্রোলিং হয়েছিল। বিশেষ করে শ্মশানে প্রিয়াঙ্কা কান্না না করার বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল।
প্রসঙ্গত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয় চলতি বছরের ২৯ মার্চ। তালসারি সমুদ্রসৈকতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন পানিতে ডুবে মাত্র ৪৩ বছর বয়সে তার মৃত্যু হয়।
সূত্র: হিন্দুস্তান টাইমস
একেএস/টিএ