ছবির সঙ্গে বরের মিল না পেয়ে বিয়ে ভাঙলেন কনে
ছবি: সংগৃহীত
০২:২৬ পিএম | ২১ আগস্ট, ২০২৬
বিয়ের আসরে বরকে সামনে থেকে দেখার পর তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছেন এক কনে। কনের দাবি, বিয়ের আগে তাঁকে যে ব্যক্তির ছবি দেখানো হয়েছিল, অনুষ্ঠানে বর হিসেবে আসা ব্যক্তি তিনি নন। ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের ফিরোজপুর জেলার গুরু হর সাহাই এলাকায়।
বরযাত্রীরা রাজস্থানের ছাতারগড় থেকে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। তবে বিয়ের আচার-অনুষ্ঠান ও সাতপাক শুরু হওয়ার আগেই আপত্তি জানান কনে। ফলে বিয়ে সম্পন্ন না করেই অনুষ্ঠান শেষ হয়।
কনে তাঁর পরিবারকে জানান, বিয়ের আগে তাঁকে অন্য এক যুবকের ছবি দেখানো হয়েছিল। কিন্তু অনুষ্ঠানস্থলে বর হিসেবে উপস্থিত ব্যক্তির সঙ্গে সেই ছবির মিল নেই। এ কারণেই তিনি বিয়েতে অসম্মতি জানান।
তবে কনের অভিযোগ অস্বীকার করেছেন বরের স্বজনেরা। তাঁদের দাবি, দুই পরিবারের জ্ঞাতসারে ও সম্মতিতেই বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের আগে উভয় পরিবার মোবাইল ফোনে যোগাযোগ রেখেছিল এবং কনেপক্ষকে বরের ছবি পাঠানো হয়েছিল।
বরের নানা মহেন্দ্র সিং বলেন, বিয়ের আয়োজনে যুক্ত মধ্যস্থতাকারীদের পাশাপাশি কনের মায়ের কাছেও বরের ছবি সরবরাহ করা হয়েছিল। তাই অন্য কারও ছবি দেখানোর অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।
বিয়ে ভেঙে যাওয়ার পর বরের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে বিষয়টি পুলিশের কাছে পৌঁছায়। গুরু হর সাহাই থানার ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) তেজিন্দরপাল সিং জানান, দুই দিন আগে অভিযোগটি পাওয়ার পর পুলিশ ঘটনার পারিপার্শ্বিকতা খতিয়ে দেখতে শুরু করে।
তদন্তের অংশ হিসেবে বর ও কনের পরিবারের বক্তব্য শোনেন পুলিশ কর্মকর্তারা। পরে উভয় পরিবার আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসা করে।
ডিএসপি তেজিন্দরপাল সিংয়ের ভাষ্য অনুযায়ী, শেষ পর্যন্ত দুই পক্ষ নিজেদের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করেছে। তবে বিয়েটি আর হয়নি।
সূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল
এফআর/টিএ