‘তৌহিদী জনতা’র বাধায় নৌকাবাইচ বন্ধ হবে না: বিয়ানীবাজারের ইউএনও
ছবি: সংগৃহীত
০৬:৩০ পিএম | ২২ আগস্ট, ২০২৬
সিলেটের বিয়ানীবাজারের সুনাই নদীতে ‘তৌহিদী জনতা’র বাধায় নৌকাবাইচ প্রতিযোগিতার বন্ধের উপক্রম হলেও যথাসময়ে নৌকাবাইচ প্রতিযোগিতা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
আগামী ২৮ আগস্ট বিয়ানীবাজারের সুনাই নদীতে ঐতিহ্যবাহী এ আয়োজনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা-বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও বার্ষিক নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনেক বছর ধরে চলা এ প্রতিযোগিতায় অতীতে কোনো বাধার মুখে পড়েননি আয়োজকরা।
কিন্তু এবার ‘তৌহিদী জনতার’ ব্যানারে একটি গোষ্ঠী এই প্রতিযোগিতা বাতিলের দাবি জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করছে। এছাড়া বৃহস্পতিবার বারিগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ ব্যানারে এক সভা করে প্রতিযোগিতাটি বাতিল করার দাবি জানিয়েছে কয়েকজন।
এদিকে কারো বাধায় সুনাই নদীতে নৌকাবাইচ বন্ধ হবে না বলে বলেছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার।
তিনি বলেন, ‘নৌকাবাইচ গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা। এটি তৌহিদী জনতা বা কারো বাধার কারণে থেমে থাকবে না। স্থানীয়দের সাথে বসে বিষয়টি সমাধান হবে।’
নৌকাবাইচ আয়োজক কমিটি এবং যারা বাধা দিচ্ছে- তারা কেউ আমাদের কিছু জানায়নি।
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘নৌকাবাইচ যথাসময়ে হবে। আমরা প্রশাসনের সাথে বৈঠক করে সেই প্রস্তুতিই নিচ্ছি।’
এমআই/টিএ