মন্ত্রিত্ব ছাড়ার পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন
ছবি: সংগৃহীত
০৭:২৩ পিএম | ২২ আগস্ট, ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। মন্ত্রিত্ব ছাড়ার পর তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।’
পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, জহির উদ্দিন স্বপনকে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
এদিকে, তারেক রহমানের সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণের পাশাপাশি রদবদলেরও ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার নতুন করে পাঁচজন যুক্ত হয়েছেন মন্ত্রিপরিষদে। তার মধ্যে এদিন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হয়েছেন। অর্থাৎ তিনি জহির উদ্দিন স্বপনের উত্তরসূরী হয়েছেন।
কেএন/এসএন