জ্বালানিতে ৫ বিলিয়ন ডলার বাড়তি গুণতে হয়েছে সরকারকে: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৯:১৯ পিএম | ২২ আগস্ট, ২০২৬
শিল্পখাতকে রক্ষায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ চান ব্যবসায়ী নেতারা। দুপুরে রাজধানীর মতিঝিলে এক সেমিনারে এই দাবি তুলে ধরেন তারা। এসময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ খাতে ৫ বিলিয়ন ডলার বাড়তি গুণতে হয়েছে সরকারকে। সরকারি প্রণোদনার অর্থ রাজনৈতিক বিবেচনায় দেওয়া হবে না বলেও জানান তিনি।
দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি ও রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে ঢাকা চেম্বার অ্যান্ড কর্মাস ইন্ডাস্ট্রিস- ডিসিসিআই'র সেমিনারে ব্যবসার পরিবেশ নিয়ে কথা বলেন ব্যবসায়ীরা। বৈশ্বিক অস্থিরতার পাশাপাশি দেশে জ্বালানি সংকট পরিস্থিতি কঠিন করে তুলেছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। সুদের উচ্চহার ও ব্যাংকের অর্থের ওপর সরকারের নির্ভরশীলতা আরো জটিলতা তৈরি করেছে।
এদিকে উদ্যোক্তারা জানান, দেশে খেলাপি ঋণ বেড়েছে। পাশাপাশি টাকার অভাবে বেসরকারি খাতে বাড়ছে না বিনিয়োগ। এই প্রেক্ষাপটে আর্থিক খাতে সরকারি নীতি সহায়তার আহ্বান জানান ব্যবসায়ীরা।
ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান বলেন, উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটা ও অনিশ্চয়তা বড় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
ডিসিসিআই'র সভাপতি তাসকিন আহমেদ বলেন, 'ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারি ঋণ সীমিত করে বেসরকারি খাতের জন্য পর্যাপ্ত ঋণ প্রবাহ নিশ্চিত করতে হবে, যাতে বিনিয়োগ ও অর্থনৈতিক কার্যক্রম গতিশীল হয়।'
অনুষ্ঠানে অর্থনীতিবিদরা বলেন প্রকৃত রাজস্ব আদায়ের তুলনায় সরকারের কোষাগারে জমা হয় অনেক কম। এসব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন তারা। রাজস্ব আদায়ে অটোমেশনের পাশাপাশি দেশে মুদ্রানীতি সংস্কারের বিষয়েও মতামত তুলে ধরেন তারা।
সিপিডি'র সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, 'বাংলাদেশে ৪ লক্ষ পয়েন্ট থেকে ভ্যাট দেওয়া হয়, সরকার পায় ২৪ হাজার পয়েন্ট থেকে। তাহলে এই জায়গাগুলোতে আমরা কী ধরণের পলিসি নিতে পারি।...এটা আমরা এআই, আমাদের ডিজিটালাইজেশন, এখন কিউআর কোড নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।'
পিপিআরসি'র নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, 'মানুষজনের ট্যাক্সনেটকে বাড়ানো নিরপেক্ষ লক্ষ্য হতে পারে না। এই হয়রানি, ট্যাক্সের রিয়েলিটি না বদলালে ট্যাক্স সংগ্রহ বাড়ানো কঠিন হবে।'
জ্বালানি সংকট নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, তিন মাসের জ্বালানি মজুত তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। বিনিয়োগের আদর্শ পরিবেশ তৈরিতে কাস্টমস হয়রানি বন্ধে গুরুত্ব দিচ্ছে সরকার।
এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'আমরা প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চিত করতে চাচ্ছি। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন কোনোটা ১৫ দিনও নাই, কোনোটা ১৭ দিনও নাই। অর্থাৎ, সরবরাহের প্রান্তিকে থেকে দেশ পরিচালিত হচ্ছিল।'
মন্ত্রী আরও জানান, জ্বালানির উচ্চমূল্য পরিশোধে ৬ মাসেই ৫ বিলিয়ন ডলার বাড়তি খরচ করতে হয়েছে সরকারকে।
এমআই/টিএ