নন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন আজ
ছবি: সংগৃহীত
০৬:০০ পিএম | ২৩ আগস্ট, ২০২৬
নন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন আজ। প্রতিবছর এই দিনে অগণিত ভক্ত-শ্রোতার ভালোবাসায় সিক্ত হন ‘ব্ল্যাক ডায়মন্ড’খ্যাত এই শিল্পী। তার অনিন্দ্য কণ্ঠ, গায়কি ও জনপ্রিয় গান নিয়ে স্মৃতিচারণে মেতে ওঠেন অনুরাগীরা।
তবে এবার বেবী নাজনীনের জন্মদিন কিছুটা বিষাদময়। কারণ তার ছোট ভাই ও এসএ টিভির সাবেক বার্তা সম্পাদক এনাম সরকার বর্তমানে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। কয়েক মাস ধরে রাজধানীর পিজি হাসপাতালে তার চিকিৎসা চলছে। ভাইয়ের অসুস্থতায় পরিবারের সবাই এখন দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছেন।
বেবী নাজনীন জানান, এমনিতেও ঘটা করে জন্মদিন পালন করেন না তিনি। আর ভাইয়ের এই অসুস্থতার সময়ে জন্মদিন উদ্যাপন নিয়ে ভাবারও অবকাশ নেই। বরং জন্মদিনে ভক্ত-শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তার একটাই অনুরোধ-সবাই যেন তার ছোট ভাইয়ের সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

বেবী নাজনীন বলেন, “জন্মদিনে আমার একটাই চাওয়া-সবাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন। সে যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।”
রাজনৈতিক কারণে দীর্ঘ ১৫ বছর দেশের বাইরে থাকতে হয়েছে বেবী নাজনীনকে। ‘উত্তরবঙ্গের দোয়েল’খ্যাত এই শিল্পীর সংগীতজীবন চার দশকেরও বেশি সময়ের। দীর্ঘ এই পথচলায় টেলিভিশন, চলচ্চিত্র, বেতার এবং দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে গান গেয়ে তিনি অর্জন করেছেন অগণিত শ্রোতার ভালোবাসা।
শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তার গাওয়া ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘দুচোখে ঘুম আসে না’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘ওই রংধনু থেকে’, ‘পত্রমিতা’, ‘মরার কোকিলে’, ‘আর কতদিন’, ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে’, ‘প্রিয়তমা’সহ অসংখ্য গান আজও শ্রোতাদের মনে জায়গা করে আছে।
অন্যদিকে, এনাম সরকার প্রায় তিন দশক ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। তিনি সাপ্তাহিক পূর্ণিমা, দৈনিক জনকণ্ঠ, দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন গণমাধ্যমে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি এসএ টিভির বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) সভাপতি।
কেএন/এসএন