বিদেশের মিশনে ‘শিক্ষা কূটনীতি’ সেবা, নারী শ্রমিকদের জন্য হটলাইনের প্রস্তাব
ছবি: সংগৃহীত
০৯:৩১ পিএম | ২৩ আগস্ট, ২০২৬
বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে ‘শিক্ষা কূটনীতি’ সেবা এবং প্রবাসী নারী শ্রমিকদের সুরক্ষায় বিশেষ জরুরি হটলাইন চালুর প্রস্তাব করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সংসদীয় কমিটির এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। এতে বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে অবৈধ অভিবাসন প্রতিরোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় কী হতে পারে, তা নিয়ে আগামী বৈঠকে বিস্তারিত আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ছয় মাসের কার্যক্রম ও অর্জন পর্যালোচনার পাশাপাশি আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এ সময় কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে কমিটির সদস্যরা বিভিন্ন পরামর্শ দেন।
এদিকে, সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরসহ পররাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণকে সরকারের প্রতি ‘আন্তর্জাতিক আস্থার বহিঃপ্রকাশ’ বলে বৈঠকে দাবি করা হয়।
এছাড়া, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে কমিটির পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, মো. আমানউল্লাহ আমান, হুমাম কাদের চৌধুরী, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন, সানজিদা ইসলাম, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও আতিকুর রহমান মোজাহিদ অংশ নেন। তবে পূর্বনির্ধারিত বিদেশ সফরে থাকায় নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টিএ/