কারামুক্তির পর জাহের আলভীর রহস্যময় ফেসবুক পোস্ট
ছবি: সংগৃহীত
১০:৩০ পিএম | ২৩ আগস্ট, ২০২৬
ছোটপর্দার পরিচিত অভিনেতা জাহের আলভীর অভিনীত নাটক নিয়মিতই দর্শকদের মধ্যে সাড়া ফেলে। স্ত্রী আফরা ইবনাত ইকরা ও সন্তান রিজিককে নিয়ে চলছিল তার সংসার। তবে গত ফেব্রুয়ারিতে মিরপুরের বাসা থেকে স্ত্রী ইকরার মরদেহ উদ্ধারের পর বদলে যায় অভিনেতার জীবনের পরিস্থিতি।
ইকরার মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করা হয় জাহের আলভীর বিরুদ্ধে। মামলার পর আইনি জটিলতায় পড়েন তিনি এবং একপর্যায়ে তাকে কারাগারেও যেতে হয়।
সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছেন এই অভিনেতা। মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক রহস্যময় পোস্ট দিচ্ছেন জাহের আলভী। তার এসব পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নানা আলোচনা ও কৌতূহল।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে মাত্র দুটি শব্দ লিখে একটি পোস্ট দেন আলভী। সেখানে তিনি লেখেন, ‘বেছে বেছে’। সংক্ষিপ্ত এই বার্তার মাধ্যমে তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন, তা অবশ্য স্পষ্ট করেননি। ফলে পোস্টটি ঘিরে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল।
এরপর জেলজীবনের অভিজ্ঞতা নিয়ে আরও একটি ভাবনামূলক পোস্ট শেয়ার করেন অভিনেতা। সেখানে তিনি লেখেন, ‘জেলখানায় ২টি জিনিস খুব দামী ও দুর্লভ। একটি হচ্ছে হলিউড (সিগারেট), আরেকটি হচ্ছে ঘুম। আর জেলখানায় সবচেয়ে সস্তা ও সহজলভ্য জিনিস হচ্ছে একটি। সেটি হচ্ছে চিন্তা।’

পোস্টের শেষে ‘মধ্যরাতের কবি’ নামে স্বাক্ষর করেছেন জাহের আলভী। অভিনেতার এই লেখায় কারাগারের ভেতরের জীবনের একটি ভিন্ন অভিজ্ঞতার কথা উঠে এসেছে। বিশেষ করে ‘ঘুম’কে দুর্লভ এবং ‘চিন্তা’কে সহজলভ্য বলার বিষয়টি নজর কেড়েছে নেটিজেনদের। তবে ঠিক কোন অভিজ্ঞতা বা অনুভূতি থেকে এমন কথা লিখেছেন, তা ব্যাখ্যা করেননি আলভী।
এর আগে ‘বেছে বেছে’ লিখে পোস্ট দেওয়ার পর এবার জেলজীবন নিয়ে এমন ভাবনামূলক স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা। পরপর দেওয়া এসব পোস্ট ঘিরে তাই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকে তাঁর পোস্টের অন্তর্নিহিত অর্থ জানার চেষ্টা করছেন।
তবে শুধু রহস্যময় পোস্ট নয়, সন্তান রিজিককে নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় দেখা যাচ্ছে জাহের আলভীকে। সন্তানের সঙ্গে কাটানো বিভিন্ন সুন্দর ও আবেগঘন মুহূর্তের ছবি ও অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করছেন তিনি।
সব মিলিয়ে, জেল থেকে মুক্তির পর জাহের আলভীর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোই এখন অনুসারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তবে তাঁর রহস্যময় বার্তাগুলোর প্রকৃত অর্থ কী, সে বিষয়ে এখনো সরাসরি কিছু জানাননি অভিনেতা।
কেএন/এসএন