গোবিন্দর ছেলের সঙ্গে বিয়ে! এবার মুখ খুললেন জনি লিভারের মেয়ে
ছবি: সংগৃহীত
০৯:০৯ পিএম | ২৪ আগস্ট, ২০২৬
এআই প্রযুক্তির অপব্যবহার যে কীভাবে তারকাদের জীবনকে বিভ্রান্তির বেড়াজাল থেকে নিমিষে লজ্জাজনক পরিস্থিতে ফেলে দিতে পারে, তার সাম্প্রতিক শিকার হলেন জনপ্রিয় কমেডিয়ান জনি লিভারের কন্যা জেমি লিভার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি এআই ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় যে বলিউডের বর্ষীয়ান অভিনেতা গোবিন্দ ও সুনীতা আহুজার পুত্র যশবর্ধন আহুজার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন জেমি।
গুঞ্জনের পারদ যখন চড়তে শুরু করে, তখন বাধ্য হয়েই মুখ খোলেন স্বয়ং জেমি লিভার। এক ভিডিও বার্তার মাধ্যমে এই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে তিনি শোনালেন পর্দার আড়ালের এক মজার ও চাঞ্চল্যকর গল্প!ভিডিওর শুরুতেই জেমি জানান যে, এই ভুয়া ভিডিওগুলো যখন প্রথম তাঁর নজরে আসে, তখন তিনি ও তাঁর তুতো ভাইবোনেরা বেশ ভালই মজা পেয়েছিলেন।
কনের সাজে এআই-এর তৈরি করা নিজের ছবি দেখে হাসাহাসিও করেছিলেন তাঁরা। কিন্তু মজাটা খুব দ্রুত একটা গুরুতর সমস্যায় রূপ নেয়। জনি-কন্যার কথায়, “শুরুতে এই ব্যাপারটা কিন্তু বেশ মজার লেগেছিল। আমরা নিজেরাও ভিডিওগুলো একে অপরকে পাঠিয়ে হেসেছি। কিন্তু এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মানুষ ফোন করে আমায় বিয়ের জন্য আগাম অভিনন্দন জানাতে শুরু করেছে!”
সবচেয়ে মজার এবং মজার ছলে বলা জেমির অভিযোগ ছিল, এই মিথ্যে খবরের কারণে তাঁর জীবনে ভাল বিয়ের আসল প্রস্তাবগুলোও আসা বন্ধ হয়ে গেছে! তিনি অনুরোধ করে বলেন, “যাঁরা এই মিথ্যা ভিডিও বানিয়ে যা ভিউজ পাওয়ার পেয়ে গিয়েছেন, তাঁরা দয়া করে এবার ভিডিওগুলো ডিলিট করে দিন। কারণ এর ফলে আমার কাছে আসা খাঁটি বিয়ের প্রস্তাবগুলোও আটকে গেছে!”
গোবিন্দর ছেলের সঙ্গে বিয়ের এই গুঞ্জনকে সম্পূর্ণ খারিজ করে দিয়ে জেমি জানান, যাঁর সঙ্গে তাঁর নাম জড়ানো হচ্ছে, তিনি আদতে বয়সে তাঁর থেকে অনেক ছোট এবং তাঁর সঙ্গে সম্পর্কে ভাইয়ের মতো। জেমি স্পষ্ট ভাষায় বলেন, “যাঁর সঙ্গে আমার বিয়ের গুঞ্জন ছড়ানো হচ্ছে, সে আমার ছোট ভাইয়ের মতো এবং আমরা একসঙ্গে একটা সিনেমাতেও কাজ করছি। সে আমার চেয়ে অনেক ছোট। তাই দয়া করে এই ধরনের অনর্থক ও বাজে ভিডিও বানানো বন্ধ করুন।”
খোঁজ নিয়ে জানা গেছে, গোবিন্দর ছেলে যশবর্ধন আহুজা খুব শীঘ্রই সাজিদ খানের পরিচালনায় ‘হিরো কি হরররিন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখতে চলেছেন। আর সেই ছবিতেই জেমি লেভার, নিতাংশী গোয়েল, চাঙ্কি পাণ্ডে ও সুনিতা আহুজার মতো তারকারাও একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন। আর কাজের জায়গায় তৈরি হওয়া এই সুসম্পর্ককেই ভুলভাবে এআই-এর মাধ্যমে অন্য রূপ দিয়েছে কিছু সাইবার ট্রোলার।
এমআই/টিএ