© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘৭০ টাকার মদ খেয়ে’ টালমাটাল গোখরা, ভিডিও ভাইরাল

শেয়ার করুন:
‘৭০ টাকার মদ খেয়ে’ টালমাটাল গোখরা, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৩ পিএম | ২৪ আগস্ট, ২০২৬
কখনও ফণা তুলছে, আবার কখনও টলতে টলতে পড়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে, যেন নেশায় বুঁদ একটি গোখরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমনই এক ভিডিও ঘিরে শুরু হয়েছে আলোচনা। অনেকে মজা করে দাবি করছেন, ‘৭০ টাকার বোতল দামের মদ’ খেয়েই নাকি এমন দশা হয়েছে সাপটির।

‘মাউন্টেন৪ইউ’ নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কর্দমাক্ত একটি জায়গায় ঘাসের ওপর বসে রয়েছে একটি গোখরা। ফণা তুলে থাকার চেষ্টা করছে সাপটি। কিন্তু বারবার টলমল করছে তার শরীর। ঠিকমতো ফণা তুলতেও পারছে না।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় নানা মন্তব্য শুরু হয়। কেউ সাপটিকে ‘মাতাল’ বলে মজা করছেন, কেউ আবার এর পেছনে অন্য কারণ খুঁজছেন। তবে সাপটি সত্যিই মদ পান করেছে-এমন কোনো প্রমাণ নেই। বরং অনেকের ধারণা, অসুস্থতা বা আঘাতের কারণেই সাপটির এমন অস্বাভাবিক আচরণ হতে পারে।

ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ঘটনাটি ঠিক কোথায় এবং কবে ঘটেছে, তা-ও নিশ্চিত নয়।

ভিডিও দেখে একজন মন্তব্য করেন, ‘সাপটি নিশ্চয়ই মদ পান করেছে, তাই নিজেকে সামলাতে পারছে না।’

অন্য একজন অবশ্য বিষয়টি নিয়ে মজা না করে লিখেন, ‘এভাবে বাজে কথা বলা বন্ধ করুন। সাপটি হয়ত অসুস্থ।’

ভিডিওটি ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে সাপটির এমন টলমলে আচরণের প্রকৃত কারণ কী, তা এখনও জানা যায়নি। সূত্র: আনন্দবাজার

এমআই/টিএ


মন্তব্য করুন