শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
১০:২১ পিএম | ২৫ আগস্ট, ২০২৬
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
সোমবার নড়িয়া উপজেলার গাগরীজোড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার সকালে এসআই জসিম উদ্দিন তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এরপর তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীয়তপুর সদর উপজেলার তুষার আহমেদ (২৩), আল আমিন সরদার (২৬) ও রিয়াদ মুন্সি (৪৯)।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওই কর্মসূচির ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে শোক র্যালি’ লেখা একটি ব্যানার নিয়ে শতাধিক ব্যক্তি ঢাকা-শরীয়তপুর সড়ক ধরে হাঁটছেন।
আরেকটি ভিডিওতে দেখা যায়, ঢাকা-শরীয়তপুর সড়কের কোটাপাড়া সেতুর ঢালে গাগরীজোড়া এলাকায় অনেকগুলো মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পুলিশ জানায়, সোমবার ঢাকা-শরীয়তপুর সড়কে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেন। এ সময় সড়কে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থল পালং মডেল থানার কাছাকাছি হওয়ায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে তিনটি মোটরসাইকেলসহ আটক করে। পরে রাতে তাদের নড়িয়া থানায় হস্তান্তর করা হয়।
আরআই/টিএ