© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘এটাতো নির্বাচনি ঐক্য’, জোটে এনসিপির থাকা না থাকা প্রসঙ্গে জামায়াত আমির

শেয়ার করুন:
‘এটাতো নির্বাচনি ঐক্য’, জোটে এনসিপির থাকা না থাকা প্রসঙ্গে জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৭ এএম | ২৬ আগস্ট, ২০২৬
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় পরিদর্শন করেছেন দলটির জোটসঙ্গী জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

মঙ্গলবার সন্ধ্যায় এনসিপির কার্যালয়ে যান বিরোধী দলীয় নেতা। সেখানে আগে থেকে চলমান ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এ প্রসঙ্গে এনসিপির কেন্দ্রীয় এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ করেই মঙ্গলবার দুপুরে জামায়াতের আমির এনসিপির কার্যালয়ে আসার মনোভাব পোষণ করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শফিকুর রহমান তার দলের আরেক নেতা জাহিদুর রহমানকে নিয়ে এনসিপি কার্যালয়ে আসেন।

এ সময় এনসিপি নেতা নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী, মাহমুদা মিতুসহ অন্যান্য নেতারা তাকে স্বাগত জানান। জামায়াতের আমির দশ মিনিটের মত ছিলেন। আমাদের অফিসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান চলছিল।”

এদিকে এনসিপি কার্যালয় থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শফিকুর রহমান ও নাহিদ ইসলাম।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে এনসিপি বেরিয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নে শফিকুর রহমান বলেন, “আমরা তো সেই অর্থে কোনো ফরমাল জোট না। আমরা একটা নির্বাচনি ঐক্য করেছি।”

জামায়াতের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাতে শফিকুর রহমানের এনসিপি কার্যালয় পরিদর্শনের খবর দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের শফিকুর রহমান বলেছেন, “আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসাথে কাজ করছি। সংসদের ভিতরে ও বাইরে এবং বিগত নির্বাচনে একসাথে লড়াই করেছি।”

জামায়াত ও এনসিপি গঠনমূলক বিরোধীদল হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, “সরকারের দুটি অঙ্গ একটি সরকারি দল, আরেকটি বিরোধীদল। এছাড়া দেশ চলে না। বিরোধীদল ছাড়া গণতন্ত্র শূন্য। সংসদে বিরোধীদল হিসেবে যেটুকু পাওনা, সেখানে আমরা বহুলাংশে বঞ্চিত হচ্ছি।’

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ ডেকেছে জামায়াত জোট। শফিকুর রহমান এ প্রসঙ্গে বলেন, “আমরা অত্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায় এখন যে আন্দোলন করছি, তা জনগণের দাবি বাস্তবায়নের জন্য, গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য। সরকার আমাদের রাজপথে ঠেলে দিয়েছে। আমরা এর সমাধান সংসদের ভিতরে চেয়েছিলাম। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশে আরেকটি নতুন ফ্যাসিবাদ কায়েম হতে দেব না।”

এফআর/এসএন

মন্তব্য করুন