‘ফুল অউর কাঁটে’ সিনেমার পরিচালক কুকু কোহলি আর নেই
ছবি: সংগৃহীত
০২:২০ পিএম | ২৬ আগস্ট, ২০২৬
‘ফুল অউর কাঁটে’ সিনেমার পরিচালক কুকু কোহলি মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতার বন্ধু অশোক পণ্ডিত। তিনি জানান, ঠিক কীভাবে প্রতিক্রিয়া জানাব, তা বুঝতে পারছি না। কেননা, আমি কোহলির খুব ঘনিষ্ঠ ছিলাম। তিনি হৃদরোগে মারা যাবেন, তা কখনো ভাবতেও পারিনি। সম্পূর্ণ সুস্থ ছিলেন। খাদ্যাভ্যাসের ব্যাপারেও সচেতন ছিলেন এবং শারীরিকভাবে যথেষ্ট ফিট ছিলেন। সবসময় হাসিখুশি ও ইতিবাচক শক্তিতে ভরপুর থাকতেন। তাকে কখনো বিষণ্ন দেখিনি। যেন কষ্ট পাওয়া তার অভিধানেই ছিল না।

কুকু কোহলির মৃত্যুতে শোকাহত প্রখ্যাত অভিনেত্রী ও তার সহধর্মিণী অরুণা ইরানি-সহ পুরো বিনোদন জগৎ।
কুকু কোহলি ও অরুণা ইরানির সম্পর্ক আশির দশকে বিনোদন জগতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ১৯৯০ সালে ‘জ়ুলুম কো জ়ুকানা হ্যায়’ সিনেমার সেটে পরিচালকের ভূমিকা থাকা কুকুর প্রেমে পড়েন অরুণা। সেই সময়ে কুকু বিবাহিত এবং তার দুই কন্যা সন্তান ছিল। কিন্তু সমস্ত বাধা পেরিয়ে এবং সমাজ-সংসারের নানা জটিলতার মুখোমুখি হয়ে ১৯৯০ সালে তারা গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ সময় পরে এই বিষয়টি তারা প্রকাশ্যে আনেন। শেষ মুহূর্ত পর্যন্ত অরুণা স্বামীর পাশে ছায়ার মতো ছিলেন।
উল্লেখ্য, ‘ফুল অউর কাঁটে’ সিনেমার মাধ্যমে অজয় দেবগনকে ইন্ডাস্ট্রিতে নিয়ে আসেন কোহলি। ক্যারিয়ারে একজন সফল ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ সময় রাজ কাপুরের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
এ নির্মাতার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘সুহাগ’ (১৯৯৪), ‘হকীকত’ (১৯৯৫), ‘আনাড়ি নং ১’ (১৯৯৯), ‘জুলমি (১৯৯৯)’ এবং ‘ইয়ে দিল আশিকানা’ (২০০২)। আর তার পরিচালিত সবশে সিনেমা ছিল ‘ওহ তেরা নাম থা ’ (২০২৪)।
কেএন/টিএ