বিয়ের কয়েক ঘণ্টা আগেও শুটিংয়ে ব্যস্ত ছিলেন অক্ষয়!
ছবি: সংগৃহীত
০৬:১৩ পিএম | ২৬ আগস্ট, ২০২৬
বলিউডের জনপ্রিয় দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার বিবাহিত জীবনের ২৫ বছর পূর্ণ হয়েছে এ বছর। রুপালি জগতের অন্যতম সফল ও দীর্ঘস্থায়ী এই জুটির বিয়ের গল্পটি যেকোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। বিয়ের দিন যেখানে বর-কনের ব্যস্ততা থাকে নানা আনুষ্ঠানিকতায়, ঠিক তখনই বিয়ের মাত্র কয়েক ঘণ্টা আগে শুটিং সেটে মহাব্যস্ত সময় পার করছিলেন ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। শুটিং শেষ করে কাউকেই কিছু না জানিয়ে মেকআপ আর্টিস্টের মোটরসাইকেলে হেলমেট চেপে ছদ্মবেশে নিজের বিয়েতেই হাজির হয়েছিলেন তিনি।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অক্ষয়-টুইঙ্কেলের বিয়ের রাতের সেই রোমাঞ্চকর ও হাসির স্মৃতি প্রকাশ্যে এনেছেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক সুনীল দর্শন।
সুদীর্ঘ ক্যারিয়ারে অক্ষয় কুমারের সঙ্গে একাধিক সফল চলচ্চিত্রে কাজ করেছেন প্রযোজক-পরিচালক সুনীল দর্শন। সম্প্রতি মিডিয়া প্ল্যাটফর্ম ‘মিনিটস অব মসলা’-য় দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি অক্ষয় ও টুইঙ্কেলের বিয়ের গোপনীয়তা ও নাটকীয় মুহূর্তের স্মৃতিচারণ করেন। সুনীল দর্শন জানান, ২০০১ সালের ১৭ জানুয়ারি বিয়ের দিন সকালেও শুটিং সেটে হাজির ছিলেন অক্ষয়। সেই সময় তিনি অমিতাভ বচ্চন ও রাখী গুলজারের সঙ্গে সুনীল দর্শনের ‘এক রিশতা: দ্য বন্ড অব লাভ’ সিনেমার চিত্রগ্রহণে ব্যস্ত ছিলেন। সেটে স্বাভাবিকভাবে কাজ চালিয়ে গেলেও সন্ধ্যা সাড়ে ৭টায় শুটিং শেষ হওয়ার পরই ঘটে সেই নাটকীয় ঘটনা।
সাক্ষাৎকারে সেই বিশেষ মুহূর্তের কথা স্মরণ করে সুনীল দর্শন বলেন, অক্ষয় তার মেকআপ আর্টিস্টের কাছ থেকে মোটরসাইকেলটি চেয়ে নেয়, তারপর মাথায় হেলমেট চাপিয়ে সওয়ার হয়। হেলমেট থাকায় রাস্তায় বা সেটে কেউই তাকে চিনতে পারেনি। আর এভাবে মুহূর্তের মধ্যে দ্রুতগতিতে বাইক চালিয়ে নিজের বাড়িতে পৌঁছে যায় অক্ষয়।
সুনীল দর্শন আরও জানান, বিয়ের খবরটি একেবারে শেষ মুহূর্তে তার কাছে প্রকাশ করেছিলেন অক্ষয়। ‘এক রিশতা: দ্য বন্ড অব লাভ’ ছবির কাজ করার সময়ই প্রথম অক্ষয় তাকে তার বিয়ের বিষয়টি জানান এবং সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। বিয়ের সেই ঘরোয়া আয়োজন সম্পর্কে প্রযোজক বলেন, বিয়ের অনুষ্ঠানটিতে সেখানে কেবল আমি এবং অল্প কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত ব্যক্তিগত ও গোপনীয়তার সঙ্গে সম্পন্ন হয়েছিল এবং তারা এটি নিয়ে কোনো প্রচার প্রচারণা করতে চায়নি।
উল্লেখ্য, নির্মাতা সুনীল দর্শন এবং অক্ষয় কুমার একসঙ্গে বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। তাদের যৌথ ঝুলিতে রয়েছে ‘জানওয়ার’, ‘এক রিশতা’, ‘হ্যাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া’, ‘তালাশ: দ্য হান্ট বিগিন্স...’ এবং ‘আন্দাজ’-এর মতো ব্লকবাস্টার সিনেমা। যদিও প্রায় দুই দশক ধরে এই দুই শিল্পীর মধ্যে আর কোনো পেশাগত বা ব্যক্তিগত যোগাযোগ হয়নি।
বলিউডের এই অন্যতম সেরা তারকা জুটির সম্পর্কের সূচনা হয়েছিল এক বন্ধুর পার্টির মাধ্যমে। পরবর্তীতে ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’ ছবির সেটে একসঙ্গে কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন অক্ষয় ও টুইঙ্কেল। বেশ কিছুদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০০১ সালের ১৭ জানুয়ারি অত্যন্ত ব্যক্তিগত এক আয়োজনে নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ২৫ বছরের সফল দাম্পত্যজীবনে অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না দম্পতির ঘরে রয়েছে পুত্রসন্তান আরভ এবং কন্যাসন্তান নিতারা।
সূত্র: এনডিটিভি
এসএ/টিএ