বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৬:৪৬ পিএম | ২৬ আগস্ট, ২০২৬
বগুড়ার নন্দীগ্রামে ১২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির তিন হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার নুন্দহ-মুরাদপুর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (২৬ আগস্ট) র্যাব-১২ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে চেকপোস্ট বসায়। সেখানে নম্বরবিহীন যাত্রীবাহী একটি অটোরিকশা এলে সেটি থামানো হয়। সেটিতে একমাত্র যাত্রী ছিলেন রবিউল ইসলাম। সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর একপর্যায়ে তার ব্যাগে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে ব্যাগ থেকে এক হাজার ২০০ ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে মাদক বিক্রির তিন হাজার ১৫০ টাকা পাওয়া যায়।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, তিনি উপজেলা ছাত্রদলের সহসভাপতি। তবে কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। ইতোমধ্যে তাকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, রবিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
আরআই/টিএ