আওয়ারাপান ২প্রথমবার এককভাবে ২০০ কোটির ক্লাবে ইমরান হাশমি
ছবি: সংগৃহীত
০৭:২৫ পিএম | ২৬ আগস্ট, ২০২৬
২০০৩ সাল থেকে বলিউডে অভিনয় করছেন ইমরান হাশমি। দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারে প্রায় অর্ধশত সিনেমা করেছেন তিনি। এর মধ্যে সফলও হয়েছে অনেক সিনেমা। নিজস্ব ঢঙে জনপ্রিয়তাও পেয়েছেন ঢের।
তবে কখনো নায়ক তথা কেন্দ্রীয় চরিত্র হয়ে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁতে পারেননি। এবার সেই অপূর্ণতা ঘুচল। ‘আওয়ারাপান ২’ দিয়ে প্রথমবার ডাবল সেঞ্চুরি হাঁকালেন অভিনেতা। ১৪ আগস্ট মুক্তি পেয়ে দুই সপ্তাহের মধ্যেই এই বিপুল অংকের আয় করেছে সিনেমাটি।
ইন্ডিয়া টুডে’র খবর অনুযায়ী, এ পর্যন্ত ‘আওয়ারাপান ২’-এর আয় ২০১ কোটি ৪৫ লাখ রুপি। এর মধ্যে প্রথম সপ্তাহেই আয় হয়েছে ১৬১ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে আয়ের হার কমেছে বেশ। সামনে আর বেশিদূর এগোনোর সম্ভাবনা নেই, কারণ বুধবার (২৬ আগস্ট) মুক্তি পেয়েছে বহুল আলোচিত ‘টক্সিক’। সেটা নিয়ে দর্শকের বিপুল আগ্রহ।
তবে সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’-এর সঙ্গে টক্কর দিয়ে বাজিমাত করেছে ‘আওয়ারাপান ২’। ৪৫ কোটি রুপিতে নির্মিত সিনেমাটি ইতোমধ্যে বাজেটের ২০০ শতাংশের বেশি মুনাফা করেছে। বলাই বাহুল্য, সিনেমাটি দিয়ে ইমরান হাশমির ক্যারিয়ার যেন পুনরায় গর্জে উঠল।
‘আওয়ারাপান ২’ পরিচালনা করেছেন নিতিন কক্কর। এতে ইমরান হাশমির সঙ্গে আছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুবিন্দর ভিকি, বরুণ চান্দা, রুখসার রেহমান প্রমুখ।
প্রসঙ্গত, ইমরান হাশমি অভিনীত ‘টাইগার ৩’ সিনেমাটি বিশ্বব্যাপী ৪৬৬ কোটি রুপিরও বেশি আয় করেছিল। তবে সে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। হাশমি মূলত এতে খল চরিত্রে অভিনয় করেছেন।
এসএন