দেশে সারের কোনো সংকট নেই: ত্রাণমন্ত্রী দুলু
ছবি: সংগৃহীত
০৯:২৫ পিএম | ২৬ আগস্ট, ২০২৬
দেশে সারের কোনো ধরনের সংকট নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, ‘কৃষকদের কাছে সহজলভ্য করতে সারের ডিলার ও খুচরা বিক্রেতার সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। লালমনিরহাটের সারের সার্বিক তথ্য নিয়ে দেখেছি, গত বছরের তুলনায় এবার সারে বরাদ্দ অনেক বেশি দেওয়া হয়েছে।’
বুধবার (২৬ আগস্ট) লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক অনুষ্ঠান শেষে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, ‘সার কালোবাজারি ও কৃত্রিম সংকট তৈরির বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সার নিয়ে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। কেউ অনিয়ম বা সার মজুতের চেষ্টা করলে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই।’
মন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসককে সারের বাজার ও বিতরণ ব্যবস্থা কঠোরভাবে মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ অবৈধভাবে সার মজুত রাখলে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি; সংবাদ পেলেই ডিলারের গুদামে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সার সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আরো বলেন, ‘সরকার সার উৎপাদন ও আমদানিতে প্রচুর ভর্তুকি দিচ্ছে। সারের সংকট যতটা বাস্তব, তার চেয়ে বেশি রটানো হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে সারের সংকটের কথা আলোচনায় এলেও মূলত বাংলাদেশে সারের কোনো ঘাটতি নেই।’
এর আগে, মন্ত্রী লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শনে যান। তিনি হাসপাতাল ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন সমস্যা সমাধানের নির্দেশনা দেন। পরে তিনি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির একটি সভায় অংশগ্রহণ করেন।
এ সময় জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক ও পুলিশ সুপার আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
এমআই/এসএন