২০০ ফুট গভীর খাদ থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
১০:৩৫ এএম | ২৭ আগস্ট, ২০২৬
রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে নিখোঁজের ৪ দিন পর বাসনা চাকমা (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডানে ত্রিপুরাছড়া গ্রামের দুর্গম পাহাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাসনা চাকমা একই এলাকার অলং পূণ্য চাকমার স্ত্রী।
জানা গেছে, শনিবার (২২ আগস্ট) বিকেলে ডানে ত্রিপুরাছড়া এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে ভারী বৃষ্টিপাত হয়। এ সময় পাহাড়ি ছড়া ও ঝিরিতে হঠাৎ পানির প্রবাহ বেড়ে গেলে জুম থেকে ছড়া ধরে বাড়ি ফেরার পথে বাসনা চাকমা ও তার তিন বছর বয়সী ছেলে স্রোতের পানিতে ভেসে যান। পরদিন স্থানীয়রা ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে শিশুটির মরদেহ উদ্ধার করেন। তবে বাসনা চাকমার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর স্থানীয়রা আশপাশের ছড়া, ঝিরি ও পাহাড়ি এলাকায় কয়েকদিন ধরে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি গভীর পাহাড়ি খাদে গাছের সঙ্গে আটকে থাকা মরদেহটি দেখতে পান স্থানীয়রা। প্রায় ২০০ ফুট গভীর দুর্গম খাদ হওয়ায় স্থানীয়দের পক্ষে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।
খবর পেয়ে বুধবার (২৬ আগস্ট) রাঙামাটি ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. রোকনুজ্জামানের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল গভীর পাহাড়ি খাদ থেকে বাসনা চাকমার মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এফআর/টিএ