ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চার বছর ধরে কিশোরীকে যৌন নির্যাতন
ছবি: সংগৃহীত
১১:৪৩ এএম | ২৭ আগস্ট, ২০২৬
নেত্রকোনার কেন্দুয়ায় ১৬ বছরের এক কিশোরীকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে দৈহিক সম্পর্ক করতে বাধ্য করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে কিশোরীর বাবা বাদী হয়ে চারজনকে নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা করেছেন। রাতেই পুলিশ আবু মিয়া (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করে।
বুধবার (২৬ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কিশোরীর পরিবারের অভিযোগ, প্রায় চার বছর আগে কেন্দুয়া ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তার এক আত্মীয় তাকে যৌন নির্যাতন করেন এবং ঘটনার ভিডিওধারণ করে রাখেন। পরে ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে বিভিন্ন ব্যক্তির কাছে দৈহিক সম্পর্ক করাতে বাধ্য করা হতো। এতে কয়েকজন সহযোগী জড়িত ছিলেন বলেও অভিযোগ করেছে কিশোরী।
সম্প্রতি অনৈতিক কর্মকাণ্ডে যেতে কিশোরী অস্বীকৃতি জানালে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
অভিযোগে আরও বলা হয়, কিশোরী এবং তার বাবাকে হত্যার হুমকি দেওয়া হতো। বর্তমানে কিশোরী অন্তঃসত্ত্বা হলেও সন্তানের পিতৃত্বের দায় কেউ স্বীকার করছেন না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
কেন্দুয়া থানার পুলিশ অভিযান চালিয়ে আবু মিয়াকে কেন্দুয়া পৌরসভার সাউধপাড়া থেকে রাত ৩টার দিকে আটক করেছে।
ভুক্তভোগী কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করা এবং তার পরিচয় গোপন রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সচেতন মহল বলছেন, ঘটনাটি প্রমাণিত হলে অপ্রাপ্তবয়স্ক শিশুর ওপর যৌন নির্যাতন ও শোষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, কেন্দুয়া পৌরসভার সাউধপাড়া থেকে রাত ৩টার দিকে আবু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।
এফআর/টিএ