© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১১ বছর আগে ঘোষণা, অবশেষে প্রকাশ পাচ্ছে অ্যাশেজের সেই গান

শেয়ার করুন:
১১ বছর আগে ঘোষণা, অবশেষে প্রকাশ পাচ্ছে অ্যাশেজের সেই গান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৫ পিএম | ২৭ আগস্ট, ২০২৬
তরুণ প্রজন্মের পছন্দের ব্যান্ড ‘অ্যাশেজ’। বছরজুড়ে কনসার্টের ব্যস্ততা লেগেই থাকে তাদের। এর মধ্যেও নতুন গান প্রকাশ রেখেছেন অব্যাহত। এখন চলছে তাদের তৃতীয় অ্যালবাম ‘বিভ্রম’-এর প্রকাশনা। আজ বৃহস্পতবার (২৭ আগস্ট) সন্ধ্যায় প্রকাশিত হবে এই অ্যালবামের সপ্তম গান ‘বিলবোর্ডের নিচে’।

এই গানের পেছনে জড়িয়ে আছে দীর্ঘ দেড় দশকের গল্প। কারণ গানটি রচনা করা হয়েছিল ১৫ বছর আগে। আর এ গান প্রকাশের ঘোষণাও এসেছিল ১১ বছর আগে। দীর্ঘ পরিক্রমার পর অবশেষে আজ সেটা অন্তর্জালে আসছে।

বিষয়টি নিয়ে ‘অ্যাশেজ’-এর ভোকাল ও গীতিকার-সুরকার জুনায়েদ ইভান ঢাকা পোস্টকে বলেন, ‘১১ বছর আগে গানটা প্রকাশের ঘোষণা দিয়েছিলাম। কোনো কারণে তখন গানটা রিলিজ করা সম্ভব হয়নি। তবে অবশেষে রিলিজ হচ্ছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বার্তাও আছে, আমাদের যে কমিটমেন্ট, প্রতিশ্রুতি; কথা দেওয়ার পর সেটা ভুলে না যাওয়া; সেটা প্রমাণিত হচ্ছে। শ্রোতাদের প্রতি আমাদের ভালোবাসা ও প্রতিশ্রুতি অটুট রেখেই আমরা পথ চলতে চাই।’




বরাবরের মতো ‘বিলবোর্ডের নিচে’ গানটিরও কথা-সুর ইভানের। গানটি নিয়ে তিনি বলেন, ‘এটা সম্পর্কের গান। একটা সম্পর্কের মধ্যে যে বোঝাপড়া, অভিমান, টানাপোড়েন, স্মৃতিচারণ থাকে; সেসব নিয়েই গানটি সাজিয়েছি। এতে অনেক কঠিন সাউন্ড বা অ্যারেঞ্জমেন্ট রাখিনি। বিষয়বস্তুর মতো সহজ মিউজিক করা হয়েছে। মানে, এটা মেলোডি বেইজড গান।’  

ইভান জানালেন, ‘বিলবোর্ডের নিচে’ প্রকাশিত হবে মিউজিক ভিডিও আকারে। মাস তিনেক আগে গানটির শুটিং করেছিলেন কক্সবাজারে।

উল্লেখ্য, ২০১৫ সালে ‘তাহারা অন্যমনষ্ক’ শিরোনামে একটি অ্যালবামের ঘোষণা দিয়েছিল ব্যান্ড ‘অ্যাশেজ’। সেখানে ১০টি গান থাকার কথা। তবে ওই অ্যালবাম না এলেও বিভিন্ন গান পরবর্তীতে প্রকাশিত হয়েছে। এবং সেই তালিকার ‘তারাবাতি জ্বলে’, ‘সে আমারে’, ‘ধুলাবালি’, ‘আবেগের বাড়াবাড়ি’ গানগুলো দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

প্রসন্ত, ‘বিভ্রম’ অ্যালবামে মোট আটটি গান থাকছে। ‘বিলবোর্ডের নিচে’র পর শেষ গান হিসেবে ‘ঝড়ে লণ্ডভণ্ড’ প্রকাশিত হবে সেপ্টেম্বরে। এই অ্যালবামের পর আরেকটি অ্যালবাম ‘ডানাহীন পাখি’র গানগুলো একে একে প্রকাশ করবে ব্যান্ডটি।

‘অ্যাশেজ’-এর লাইনআপে রয়েছেন জুনায়েদ ইভান (ভোকাল, গীতিকার, সুরকার), তৌফিক আহমেদ বিজয় (ড্রামস), সুলতান রাফসান খান (গিটার), আদনান বিন জামান (কিবোর্ডস) ও ওয়াহিদ উজ জামান তুর্য (বেজ গিটার)।

এসএন 

মন্তব্য করুন