নভোথিয়েটারের সাবেক মহাপরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত
০৫:৪২ পিএম | ২৭ আগস্ট, ২০২৬
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও কানাডায় অর্থ পাচারের অভিযোগে নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক (বর্তমানে অবসরপ্রাপ্ত) আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. আব্দুল মালেক তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, স্ত্রীসহ আরশাদ উল্লাহ'র বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও কানাডায় অর্থ পাচারের অভিযোগে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তার দেশত্যাগ করতে পারেন বলেন আশঙ্কা করা হচ্ছে। এজন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তারের বিদেশ গমন রহিত করা আবশ্যক।
এসএন