নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধস: মা-বাবা ও স্বামীসহ পরিবারের সবাই নিখোঁজ
ছবি: সংগৃহীত
০৭:৫৭ এএম | ২৯ আগস্ট, ২০২৬
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি নুয়াকোট। সেখানে একটি সেনা ক্যাম্পকে অস্থায়ী উদ্ধারকেন্দ্রে রূপ দেয়া হয়েছে। নিখোঁজ স্বজনদের সন্ধানে ওই কেন্দ্রের বাইরে শত শত মানুষ অপেক্ষা করছেন।
উদ্ধারকেন্দ্রে গিয়ে দেখা যায়, এক নারী শিশুকে কোলে নিয়ে অঝোরে কাঁদছেন। বন্যার পর থেকে তার বাবা, মা, স্বামীসহ পরিবারের অন্য সদস্যদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
উদ্ধারকেন্দ্রে আহত অনেক মানুষকেও দেখা গেছে। তাদের কেউ কেউ জানিয়েছেন, ভয়াবহ স্রোতের মধ্যেও কোনোভাবে প্রাণে বেঁচে ফিরেছেন তারা।
রাসুয়া এলাকায় কাজ করা এক চালক জানান, বন্যার সময় পানির প্রবল স্রোতে ভেসে গিয়েছিলেন তিনি। কীভাবে সেই পরিস্থিতি থেকে বেঁচে ফিরেছেন, তা এখনও বুঝতে পারছেন না। তবে তিনি প্রাণে বাঁচলেও তার ২০ জনের বেশি বন্ধু মারা গেছেন অথবা এখনো নিখোঁজ রয়েছেন।
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর অনেক পরিবারই স্বজন হারিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। নিখোঁজদের সন্ধানে বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: বিবিসি
এমআর/টিএ